News71.com
 International
 02 Jan 19, 05:26 AM
 198           
 0
 02 Jan 19, 05:26 AM

ইয়েমেনে ক্ষুধার্ত মানুষের মুখের গ্রাস চুরি করছে হুথি বিদ্রোহীরা।।ডব্লিউএফপি  

ইয়েমেনে ক্ষুধার্ত মানুষের মুখের গ্রাস চুরি করছে হুথি বিদ্রোহীরা।।ডব্লিউএফপি   

আন্তর্জাতিক ডেস্কঃ ইয়েমেনে ক্ষুধার্ত মানুষের মুখের গ্রাস চুরি করছে দেশটির ইরান সমর্থিত শিয়াপন্থী হুথি বিদ্রোহীরা। গতকাল মঙ্গলবার জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)-র পক্ষ থেকে বিদ্রোহীদের বিরুদ্ধে এ অভিযোগ তোলা হয়েছে। সংস্থাটির নির্বাহী পরিচালক ডেভিড বিসলে বলেন, তার সংস্থার হাতে এ সংক্রান্ত তথ্য প্রমাণ রয়েছে। ডেভিড বিসলে বলেন, দুনিয়ার সবচেয়ে ভয়াবহ মানবিক সংকটে নিমজ্জিত মানুষদের সহায়তার জন্য পাঠানো খাদ্যসামগ্রী সরিয়ে ফেলে হুথিরা। এ ধরনের নিকৃষ্ট কর্মকাণ্ড থামাতে হুথিদের প্রতি আহ্বান জানিয়েছে ডব্লিউএফপি। সংস্থাটির জরিপে দেখা গেছে, ইয়েমেনের রাজধানী সানার বাসিন্দারা ত্রাণ হিসেবে জাতিসংঘের পাঠানো খাদ্যসামগ্রী পায়নি। অথচ তাদের জন্যই এ সহায়তা পাঠানো হয়েছিল। কেননা সেখানকার ক্ষুধার্ত মানুষের জন্য খাদ্য সহায়তা অপরিহার্য।


ডব্লিউএফপি জানিয়েছে, জাতিসংঘের পাঠানো খাদ্যসামগ্রী ক্ষুধার্ত মানুষের মধ্যে বণ্টনের বদলে উল্টো তা নিয়ে ব্যবসা করেছে হুথিরা। তারা এসব খাবার সামগ্রী খোলা বাজারে বিক্রি করেছে। হুথিদের পক্ষ থেকে অবশ্য ডব্লিউএফপি’র অভিযোগ নাকচ করে দেওয়া হয়েছে। ২০১৫ সালে ইয়েমেনের প্রেসিডেন্ট মনসুর হাদিকে উচ্ছেদ করে রাজধানী দখলে নেয় ইরান সমর্থিত শিয়াপন্থী হুথি বিদ্রোহীরা। সৌদি আরবের রাজধানী রিয়াদে নির্বাসনে যেতে বাধ্য হন হাদি। হুথিদের ক্ষমতা দখলের পর থেকেই হাদির অনুগত সেনাবাহিনীর একাংশ তাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। ২০১৫ সালের মার্চে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে মিত্রদের নিয়ে অপারেশন ডিসাইসিভ স্টর্ম নামে সামরিক অভিযান শুরু করে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। সৌদি জোটের অভিযান শুরুর পর এ পর্যন্ত নারী ও শিশুসহ ১০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন