
আন্তর্জাতিক ডেস্কঃ নতুন বছরে দেশবাসীকে শুভেচ্ছার সময়ও বেক্সিট প্রসঙ্গে কথা বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। তিনি বলেন, ২০১৯ সাল যুক্তরাজ্যের জন্য নতুন এক অধ্যায় সৃষ্টি হবে। থেরেসা মে বলেন, ব্রিটিশ জনগণের ভোট নিয়ে আমি আলোচনা চালিয়ে যাচ্ছি। সামনের সপ্তাহগুলোতে এমপিরা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন। ব্রেক্সিট চুক্তিকে পার্লামেন্ট সমর্থন করলে ব্রিটেন এগিয়ে যাবে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ২০১৬ সালে গণভোটে রায় হয়েছে। তবে ২০১৯ সালে আমাদের সব পার্থক্য ভুলে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। যুক্তরাজ্যের ইউরোপীয় প্রতিবেশীদের সঙ্গে নতুন সম্পর্ক গড়ে বিশ্বে নিজেদের অবস্থান সুসংহত করার সুযোগ রয়েছে।
জাতির উদ্দেশ্যে দেওয়া ভিডিওবার্তায় ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, আমাদের শুধুমাত্র ব্রেক্সিট নিয়ে ভাবলে হবে না। আরও অনেক গুরুত্বপূর্ণ ইস্যু আছে আমাদের। দক্ষতার ভিত্তিতে নতুন অভিবাসন ব্যবস্থার প্রশংসা করেন তিনি। তিনি বলেন, এতে করে সারাবিশ্বের অভিবাসীদের আসার সমান সুযোগ তৈরি হয়েছে। মে বলেন, আমাদের বেঁচে থাকার জন্য সবই আছে। ২০১৯ সালে সবাই একসঙ্গে থাকলে সাফল্য আসবেই। আমরা এমন একটি দেশ গড়বো যেখানো সবাই মানুষের জন্য কাজ করবে। ২০১৯ সালের মার্চে ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করার কথা যুক্তরাজ্যের। তবে এর আগে পার্লামেন্টের সমর্থন প্রয়োজন। সেই বিষয়ে থেরেসা মে একটি বিল উত্থাপন করেছেন এবং হাউজ অব কমন্সে সমর্থন চাইছেন। আগামী ১৪ জানুয়ারি এই বিষয়ে পার্লামেন্টে ভোট অনুষ্ঠিত হবে।