
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের উত্তর প্রদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথকেই দায়ী করলেন রাজ্যের বিরোধী দলীয় নেতা অখিলেশ সিংহ যাদব। সমাজবাদী পার্টির ওই নেতা বলেছেন, মুখ্যমন্ত্রী নিজেই বলছেন গুলি চালাও। এতে ভুল বার্তা যাচ্ছে মানুষের কাছে। পুলিশকর্মীরা খুন হলে তদন্ত বা অপরাধীদের দ্রুত গ্রেপ্তার না করে তিনি বলছেন, সেই ঘটনা রাজনৈতিক চক্রান্ত। এক মাসের মধ্যে উত্তর প্রদেশে জনতার হাতে পুলিশকর্মী খুনের দু’টি ঘটনা ঘটেছে। একটি বুলন্দশহরে এবং অন্যটি গাজিপুরে ।
বুলন্দশহরে খোলা জায়গায় গোমাংস পড়ে থাকার ঘটনায় চলতি বছরের ৩ ডিসেম্বর প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় পুলিশ কর্মকর্তা সুবোধ কুমার সিংহকে। অন্যদিকে গাজিপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভার নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশকর্মী সুরেশ বৎস ফেরার পথে খুন হন। ওই ঘটনায় ১১ জন গ্রেপ্তার হয়েছেন। অখিলেশ বলেছেন, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি এর আগে এতটা বেহাল হয়নি কখনও। কেন রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি উত্তরোত্তর বেহাল হয়ে পড়ছে, তা বোঝাতে গিয়ে অখিলেশ বলেন, মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথই বলছেন ‘থোক দো’ (গুলি চালাও)। তার ওই নির্দেশের জন্যই মানুষের কাছে ভুল বার্তা যাচ্ছে। ভেঙে পড়ছে আইনশৃঙ্খলা ।