
আন্তর্জাতিক ডেস্কঃ আবারও ক্ষমতায় আসতে মরিয়া হয়ে উঠেছেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ। আর তার জন্য আমেরিকার কাছে সাহায্যও চাইছেন তিনি। ফাঁস হয়ে যাওয়া এক ভিডিও থেকে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, এই বিষয় নিয়ে মার্কিন নেতাদের সঙ্গে গোপনে কথা বলছেন পারভেজ মোশাররফ। পাকিস্তানি সাংবাদিক গুল বুখারি সেই ভিডিও ট্যুইটারে পোস্ট করেছেন। সেকানে দেখা যাচ্ছে পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ বলছেন, আমাকে ফের ক্ষমতায় আসতে হবে। তার জন্য সমর্থন দরকার। তবে বাইরে নয়, গোপনে সমর্থন করতে হবে যাতে আবার জিতে যাই।
একইসঙ্গে ওই ভিডিওতে পারভেজ মোশাররফ বলছেন, আইএসআই-এর জন্য তিনি লজ্জিত। লাদেনের অবস্থান সম্পর্কে সঠিক তথ্য দেওয়া হয়নি বলেই লজ্জিত বলে জানান পারভেজ মোশাররফ। তবে তাঁর দাবি, সিআইএ-র মত সংস্থাও ৯/১১-তে ব্যর্থ হয়েছিল। তাই আইএসআই-এর লজ্জার বিশেষ কারণ নেই। ২০০৭-এর নভেম্বরে জরুরি অবস্থা জারি করার জন্য অভিযোগ আনা হয় পারভেজ মোশারফের বিরুদ্ধে। ওইসময় তিনি বিচারপতিদের গ্রেফতার করেন ও তাঁদের ক্ষমতা খর্ব করার চেষ্টা করেন। এছাড়াও সাবেক পাক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো, বালোচ নেতা নবাব আকবর বুগতি এবং গাজি আব্দুল রসিদের খুনের মামলাতেই নাম রয়েছে মোশাররফের। পাক সরকারের উপর যে চিরকালই সেনাবাহিনীর একটা প্রচ্ছন্ন প্রভাব রয়েছে, একথাও আগেও স্বীকার করেছেন পারভেজ মোশাররফ। ২০০১ থেকে ২০০৮ পর্যন্ত পাকিস্তানের ক্ষমতায় ছিলেন তিনি। ২০১৬ থেকে দুবাইতে রয়েছেন। চিকিৎসার নামে সেখানে যান তিনি, আর ফেরেননি।