
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের মুম্বাইয়ের একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ৫জন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার মুম্বাইয়ের সবচেয়ে বড় উপশহর চেমবুরের একটি বহুতল ভবনে এ ঘটনা ঘটে। জানা গেছে, আবাসিক এলাকার সারগাম সোসাইটির ‘বি’ ব্লকের ৩৫ নম্বর ভবনের ১১ তলায় স্থানীয় সময় রাত ৭টা ৪৫ মিনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় ।
আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট চেষ্টা চালিয়ে রাতেই আগুন নিয়ন্ত্রণে আনে। ভবনটি থেকে গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তবে পথেই তাদের মৃত্যু হয়। এছাড়া আরেক বৃদ্ধ ও ফায়ার সার্ভিসের এক কর্মী হাসপাতালে ভর্তি আছে। অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষনিকভাবে জানা যায়নি। তবে অগ্নিকাণ্ডের সময় এলপি গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এছাড়া ওই সময় ভবনটির অগ্নিনির্বাপন ব্যবস্থা কাজ করেনি ।