News71.com
 International
 26 Dec 18, 07:57 AM
 163           
 0
 26 Dec 18, 07:57 AM

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ৬% কমেছে।

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ৬% কমেছে।

 আন্তর্জাতিক ডেস্কঃ আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ৬ শতাংশের বেশি কমেছে। গত সোমবার তেলের দাম কমে এক বছরে সর্বনিম্নে নেমেছে। অর্থনৈতিক মন্দার আশঙ্কা শেয়ারবাজারে অস্থিরতা তৈরি করলে তেলের বাজারে দরপতন ঘটে। যুক্তরাষ্ট্রের অশোধিত জ্বালানি তেল ও ব্রেন্ট তেলের দর বছরের চতুর্থ প্রান্তিকে প্রায় ৪০ শতাংশ কমেছে। ২০১৭ সালের পর থেকে এটিই সর্বনিম্ন দর। গত সোমবার বিশ্ববাজারে যুক্তরাষ্ট্রের অশোধিত জ্বালানি তেলের দাম ৩.০৬ ডলার বা ৬.৭ শতাংশ কমে প্রতি ব্যারেল ৪২.৫৩ ডলারে নেমে আসে। ব্রেন্ট অশোধিত তেলের দর ৩.৩৫ ডলার বা ৬.২ শতাংশ কমে ৫০.৪৭ ডলারে নেমে আসে। গত সপ্তাহে ব্রেন্ট তেলের দাম কমে ১১ শতাংশ। চতুর্থ প্রান্তিকে দুই ধরনের তেলের দামই ৩৫ শতাংশের বেশি কমে যায়। শিকাগোতে প্রাইস ফিউচারস গ্রুপের বিশ্লেষক ফিল ফ্লাইন বলেন,শেয়ারবাজারের অস্থিরতায় এমন আশঙ্কা ছড়িয়ে পড়ে যে অর্থনীতি মন্দার দিকে যাচ্ছে,যা জ্বালানি তেলের চাহিদা কমাবে। তিনি বলেন,চতুর্থ প্রান্তিকের এ দরপতন যেন তেল উৎপাদকদের টুঁটি চেপে ধরেছে। যাতে তারা উৎপাদন হ্রাস করে। গত শনিবার মধ্যরাতে শুরু হওয়া যুক্তরাষ্ট্র সরকারের অচলাবস্থায় শেয়ারবাজারে চাপ তৈরি হয়। বিশ্বের বড় বড় শেয়ারবাজারগুলোতে টানা দরপতনে প্রবৃদ্ধি নিয়ে উদ্বেগ তৈরি করে। এ অবস্থায় বিনিয়োগকারীরা নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনা ও সরকারি ঋণের দিকে ঝুঁকে পড়ে। এদিকে আন্তর্জাতিক জ্বালানি সংস্থার আইইএ এক প্রতিবেদনে বলা হয়েছে,বিশ্ববাজারে জ্বালানি তেলের উৎপাদন বাড়লেও অর্থনীতি মন্থর হওয়ায় অনেক দেশে ব্যবহার কমবে। ২০১৮ বিশ্ববাজারে তেলের চাহিদা বাড়বে দৈনিক ১৩ লাখ ব্যারেল ও ২০১৯ সালে বাড়বে দৈনিক ১৪ লাখ ব্যারেল,যা প্রত্যাশার চেয়ে কম। এর মধ্যে ওইসিডির বাইরের দেশগুলোতে তেলের চাহিদা তুলনামূলক কমবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন