
আন্তর্জাতিক ডেস্কঃ খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন তথা আজ ২৫ ডিসেম্বরকে প্রথমবারের মতো জাতীয় ছুটি ঘোষণা করেছে ইরাকের সরকার। ইরাকের মন্ত্রিসভা এ বিষয়ে একমত হওয়ার পর এ ঘোষণা দেয়া হয়। এর আগে কয়েক দশক ধরে বড়দিনে ছুটি কেবল খ্রিস্টান নাগরিকরা পেতেন। এবারই প্রথম ধর্ম নির্বিশেষে ইরাকের সকল নাগরিক দিনটিতে ছুটি ভোগ করছেন। তবে আধা-স্বায়ত্ত শাসিত কুর্দিস্তানে আগেই বড়দিনকে পাবলিক হলিডে হিসেবে ঘোষণা করেছিলো । ইরাকের প্রধানমন্ত্রী কার্যালয়ের দেয়া এক বিবৃতিতে বলা হয়, ‘মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে আজ ২৫ ডিসেম্বর সকল ধরনের দাফতরিক কার্যাবলী বন্ধ থাকবে।এখন থেকে জাতীয় ছুটির তালিকায় বড়দিনও অন্তর্ভূক্ত হবে। এছাড়া সরকারি টুইটার পেজ থেকে ইরাক সরকার সকল ইরাকির প্রতি বড়দিনের শুভেচ্ছা জ্ঞাপন করে ।