
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে দু'দশকের অপেক্ষার পর শেষ পর্যন্ত তৈরি হলো ডাবল ডেকার রেল অ্যান্ড রোড ব্রিজ। ব্রহ্মপুত্র নদের ওপর এই সেতু নির্মাণের দাবি বহুদিন ধরেই করছিলেন আসাম এবং অরুণাচল প্রদেশের মানুষ। সেই অনুযায়ী ১৯৯৭ সালে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী এইচডি ডি দেবেগৌড়া রেল-রোড ব্রিজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। কয়েক বছর আটকে থাকার পর ২০০২ সালে নির্মাণ কাজের সূচনা করেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী। আজ মঙ্গলবার ব্রিজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।
৪.৯ কিলোমিটার ব্রিজটি তৈরি করতে আনুমানিক খরচ হয়েছে ৫,৯০০ কোটি রুপি। ব্রিজটি তৈরির সময় বাজেট ছিল ৩,২০০ কোটি টাকা। এবং প্রাথমিকভাবে ভাবা হয়েছিল ব্রিজটির মোট দৈর্ঘ্য হবে সাড়ে চার কিলোমিটার। এই ব্রিজটি এশিয়ার দ্বিতীয় দীর্ঘতম রেলরোড ব্রিজ। যার জীবনসীমা অন্তত ১২০ বছর। ব্রিজটির নীচের স্তরে দু'লাইনের রেল-ট্র্যাক রয়েছে। একদম ওপরের স্তরে রয়েছে তিন লেনের রাস্তা। যা দিল্লি ও ডিব্রুগড়ের মধ্যে রেলপথে যাত্রার সময়সীমা প্রায় তিনঘণ্টা কমিয়ে দেবে ।
ব্রহ্মপুত্র নদীর বন্যার জন্য নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত এই ব্রিজটি নির্মাণের কাজ চলত বলে জানান মুখ্য স্থপতি মহিন্দর সিং। ব্রিজটি বানাতে ৩০ লক্ষ বস্তা সিমেন্ট লেগেছে। যা দিয়ে অলিম্পিকের ৪১'টি সুইমিং পুল পুরো ভর্তি করে দেওয়া যাবে। এছাড়া লেগেছে ১৯,২৫০ মিটার ইস্পাত। যা উচ্চতায় মাউন্ট এভারেস্টের দ্বিগুণ। অরুণাচলের ইন্দো-চীন সীমান্তের প্রতিরক্ষা ক্ষেত্রেও এই ব্রিজটি অত্যন্ত উল্লেখযোগ্য ভূমিকা নিতে পারে। এই ব্রিজ এতটাই মজবুত যে এর ওপর দিয়ে খুব সহজেই ট্যাঙ্কার যাতায়াত করতে পারবে। অবতরণ করানো যাবে যুদ্ধবিমানও ।