
আন্তর্জাতিক ডেস্কঃ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আচরণ উত্তর কোরীয় নেতা কিম জং উনের মতো। এমন মন্তব্য করলেন, ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা গিরিরাজ সিং। পশ্চিমবঙ্গে বিজেপির রথযাত্রা প্রসঙ্গে এই মন্তব্য করেন তিনি। মোদি সরকারের মন্ত্রী গিরিরাজ বলেন, ‘দেশে পশ্চিমবঙ্গ হলো একমাত্র রাজ্য যেখানে কোনও গণতন্ত্র নেই। কিম জন উনের মত আচরণ করছেন মমতা। তাঁর বিরুদ্ধে কেউ কিছু বললেই তাঁকে হত্যা করা হচ্ছে ।’
কিম জন উন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট। তাঁর বিরুদ্ধে ঔদ্ধত্য এবং আগ্রাসনের একগুচ্ছ অভিযোগ রয়েছে। মূলত কিমের কারণেই দক্ষিণ কোরিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার সম্পর্ক খারাপ হচ্ছে বলে অভিযোগ রয়েছে আন্তর্জাতিক অঙ্গণে। মূলত পশ্চিমবঙ্গের একাধিক রথ যাত্রা করতে চায় বিজেপি। সেই রথে মোদী-অমিত শাহ সহ যোগী আদিত্যনাথের মতো নেতাদেরকেও চড়াতে আগ্রহী পশ্চিমবঙ্গ বিজেপি।তবে সেই যাত্রার অনুমতি দেয়নি প্রশাসন। আদালতে বিষয়টি ঝুলে রয়েছে। আইনি জটিলতায় বারবার পেছাতে হচ্ছে বিজেপির রথযাত্রার দিন। এই অবস্থায় সুপ্রিমকোর্টের দ্বারস্থ হয়েছে বঙ্গ বিজেপির নেতারা। সর্বোচ্চ আদালতের রায় বিজেপির পক্ষেই যাবে বলে আশাবাদী গিরিরাজ। মোদীর এই মন্ত্রী বলেছেন, ‘আমাদের কেউ থামাতে পারবে না। সুপ্রিম কোর্টে আমরা জিতবই ।’