
আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন মধ্যবর্তী নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করেছিল রাশিয়া, চীন এবং ইরান। মার্কিন মধ্যবর্তী নির্বাচন নিয়ে ৪৫ দিন পর্যালোচনা করার পর এমনটি বলছে মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক ডেন কোটস। আজ শনিবার একটি বিবৃতিতে ডেন কোটস বলেন, রাশিয়া এবং অন্যান্য বিদেশী দেশ যাদের মধ্যে চীন এবং ইরান রয়েছে তারা নির্বাচনকে প্রভাবিত করার কার্যক্রম চালিয়েছে এবং তাদের কৌশলগত সুবিধাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে বার্তা প্রচারণা চালিয়েছে।
গত ৬ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর সেটিতে কোন দেশের হস্তক্ষেপ ছিল কিনা সেটি পর্যালোচনার জন্য জাতীয় গোয়েন্দা সংস্থাকে ৪৫ দিনের মধ্যে একটি পর্যালোচনা প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। জাতীয় গোয়েন্দা সংস্থা মার্কিন মধ্যবর্তী নির্বাচন নিয়ে তাদের পর্যালোচনার প্রতিবেদন হোয়াইট হাউজের কাছে হস্তান্তর করলেও সেটি জনসম্মুখে প্রকাশ করা হয়নি।প্রতিবেদনের বিষয়ে কোটস বলেন, নির্বাচনকে প্রতিরোধ করতে নির্বাচন অবকাঠামো লঙ্ঘন করা হয়েছে, ভোট গণনায় পরিবর্তন আনা হয়েছে অথবা ট্যালি ভোটের কার্যক্রমকে ক্ষতিগ্রস্ত করেছে এমন কোন প্রমাণ মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থা পায়নি। প্রসঙ্গত, গত ৬ নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপের অভিযোগ ওঠার পর এবার চাপের মুখে পড়েই মধ্যবর্তী নির্বাচন নিয়ে গোয়েন্দা দলকে তদন্ত করতে বলে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।