News71.com
 International
 23 Dec 18, 04:56 AM
 182           
 0
 23 Dec 18, 04:56 AM

পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়ে মোবাইল টাওয়ারে অবস্থান নিলেন এক ব্যক্তি॥  

পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়ে মোবাইল টাওয়ারে অবস্থান নিলেন এক ব্যক্তি॥   

আন্তর্জাতিক ডেস্কঃ দেনার দায়ে ধুঁকছে পাকিস্তান। মুখ থুবড়ে পড়েছে দেশের অর্থনীতি। তবে চিন্তা নেই। তিনি ক্ষমতায় এলেই সব সমস্যা মিটে যাবে। বিপর্যয় থেকে টেনে বের করবেন দেশকে। পাকিস্তানের পতাকা হাতে মোবাইলের টাওয়ারের চূড়ায় ধর্নায় বসে এমনই দাবি করলেন এক ব্যক্তি। তিনি মানসিক ভারসাম্যহীন বলে পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। আজ শনিবার সকালের ঘটনা। ইসলামাবাদের ব্লু এরিয়ার একটি মোবাইল টাওয়ারে দেশের জাতীয় পতাকা হাতে নিয়ে উঠে যান মুহাম্মদ আব্বাস নামের ওই ব্যক্তি। বিষয়টি নজরে পড়তেই সেখানে হাজির হয় সংবাদমাধ্যমের কর্মীরা। খবর পেয়ে হাজির হয় পুলিশও।


কিন্তু সকলের অনুরোধ সত্ত্বেও নীচে নামতে অস্বীকার করেন আব্বাস। জানিয়ে দেন,দেনার দায়ে জর্জরিত দেশ। অর্থনীতি ভেঙে পড়ছে। সুযোগ পেলে এই বিপর্যয় থেকে দেশবাসীকে বের করে আনবেন তিনি। আগে সেই মতো প্রতিশ্রুতি দেওয়া হোক। ইমরান খানের সঙ্গে কথা বলিয়ে দিতে হবে বলেও বায়না ধরেন তিনি। কোনো ভাবে বুঝিয়ে নীচে নামানো যায়নি আব্বাসকে। বাধ্য হয়ে শফত আলি নামের স্থানীয় এক মিমিক্রি আর্টিস্টকে ডেকে পাঠানো হয়। মাইকে ইমরান খানের গলা নকল করে কথা বলতে শুরু করেন তিনি। তাতেই কাজ হয়। পাঁচ মিনিটের মধ্যে টাওয়ার থেকে নেমে আসেন ওই ব্যক্তি। তিনি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে। আপাপত পুলিশি হেফাজতে রয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন