
আন্তর্জাতিক ডেস্কঃ নেপালের দক্ষিণাঞ্চলে কলেজ শিক্ষার্থী ও শিক্ষকদের বহনকারী একটি বাস খাদে পড়ে গেলে কমপক্ষে ২১ জন নিহত এবং আরও ১৫ জন আহত হয়েছেন। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, একটি শিক্ষা সফর শেষে ফিরে আসার সময় দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। নেপালের একজন পুলিশ কর্মকর্তা প্রেম বাহাদুর শাহী বলেছেন, গতকাল শুক্রবার তুলসিপুর শহরে কাছে ওই বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। তিনি বলেন, দাং জেলা থেকে একটি শিক্ষা সফর শেষে ঘোরাহি শহরে ফিরছিল শিক্ষক-শিক্ষার্থীদের বহনকারী ওই বাসটি।
পুলিশ কর্মকর্তা প্রেম বাহাদুর আরও বলেন, বাসটি রাস্তা থেকে প্রায় ৭০০ মিটার নিচে পানিতে ডুবে যায়। তিনি বলেন, আমরা এখনও পর্যন্ত ১৩ জন পুরুষ ও তিনজন নারীর মৃতদেহ খুজে পেয়েছি। পুলিশ কর্মকর্তা প্রেম বাহাদুর বলেন, আহত ১৫ জনকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানিয়েছেন তিনি। জানা গেছে, দুর্ঘটনার কবলে পড়া ব্যক্তিরা কৃষ্ণ সেন ইচ্ছুক পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থী ও শিক্ষক ছিলেন। উদ্ভিদবিদ্যার পাঠ্যসূচির অংশ হিসেবে পার্শ্ববর্তী একটি জেলায় তারা ওই শিক্ষা সফরে গিয়েছিলেন।