
আন্তর্জাতিক ডেস্কঃ দ্রব্যমূল্য বৃদ্ধি এবং বিভিন্ন অর্থনৈতিক সংকটের বিরুদ্ধে সুদানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ এরইমধ্যে সহিংস রূপ ধারণ করেছে। গতকাল বৃহস্পতিবার জরুরি অবস্থা উপেক্ষা করে বিক্ষোভ করার সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে আটজন নিহত হয়েছে। রুটির মূল্য বৃদ্ধি ও অর্থনৈতিক সংকটের প্রতিবাদে সুদানের বিভিন্ন শহরে গত বুধবার থেকে বিক্ষোভ করছে হাজার হাজার মানুষ।
বুধবার নীল রিভার প্রদেশের আতবারা শহরে ক্ষমতাসীন দলের সদর দফতরসহ কয়েকটি প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর জের ধরে সেদিনই প্রদেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়। পূর্বাঞ্চলীয় শহর কাদারিফেও জারি করা হয় জরুরি অবস্থা। তবে তা উপেক্ষা করেই গতকাল বৃহস্পতিবার আবারও রাস্তায় নেমে আসে বিক্ষোভকারীরা। কাদারিফে বিক্ষোভকারীদের সঙ্গে দাঙ্গা পুলিশের সংঘর্ষ হলে ছয়জন নিহত হয়। স্থানীয় এক স্বতন্ত্র পার্লামেন্ট সদস্যকে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কাদারিফে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।