
আন্তর্জাতিক ডেস্কঃ প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পর শ্রীলঙ্কার পার্লামেন্টে বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন মাহিন্দা রাজাপাকসে। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার ২৪ দিনের মাথায় বিরোধীদলীয় নেতা হলেন সাবেক প্রেসিডেন্ট রাজাপাকসে। গতকাল মঙ্গলবার পার্লামেন্ট অধিবেশনে ইউনাইটেড পিপল’স ফ্রিডম অ্যালায়ান্সের (ইউপিএফএ) সংসদ সদস্য হিসেবে তাকে বিরোধী দলের নেতার স্বীকৃতি দেন স্পিকার কারু জয়সুরিয়া।
সেই সঙ্গে ইউপিএফএ’র সাধারণ সম্পাদক মাহিন্দা আমারাবিরা হয়েছেন বিরোধী দলের চিফ হুইপ। রাজাপাকসের পদত্যাগ ও রবিবার সাবেক প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের প্রধানমন্ত্রিত্বে ফেরার মধ্যদিয়ে ৫০ দিনের রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটে। দু’দিন পর গতকাল মঙ্গলবারই প্রথম অধিবেশন বসে পার্লামেন্টে। সংবিধান লঙ্ঘন করে এক পদক্ষেপে ২৬ অক্টোবর হঠাৎই বিক্রমাসিংহেকে বরখাস্ত করে তৎক্ষণাৎ রাজাপাকসেকে প্রধানমন্ত্রী নিয়োগ দেন প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। এরপর থেকে রাজনৈতিক উত্তেজনা শুরু হয় দেশটিতে। সংসদে একে একে তিনবার আস্থাভোটে হেরে যান রাজাপাকসেকে। এরই মধ্যে আসনে নামে শ্রীলঙ্কার সুপ্রিম কোর্ট ।দেশটির সর্বোচ্চ আদালত নির্বাচিত প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের বিরুদ্ধে প্রেসিডেন্টের নেয়া এই পদক্ষেপকে অসাংবিধানিক আখ্যায়িত করে।