News71.com
 International
 18 Dec 18, 07:25 AM
 305           
 0
 18 Dec 18, 07:25 AM

দুইলক্ষ টাকা অবধি কৃষিঋণ মকুবের ঘোষণা দিলেন মধ্যপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী কমল নাথ  

দুইলক্ষ টাকা অবধি কৃষিঋণ মকুবের ঘোষণা দিলেন মধ্যপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী কমল নাথ   

আন্তর্জাতিক ডেস্কঃ কৃষকদের দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতি রাখল ভারতের মধ্যপ্রদেশের কংগ্রেস সরকার৷ প্রতিশ্রুতি ছিল ক্ষমতায় আসলে কৃষিঋণ মকুব করা হবে৷ সেই মতো মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে কৃষিঋণ মকুব করে দিলেন কমল নাথ৷ মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেই কৃষিঋণ সংক্রান্ত একটি ফাইলে সই করেন কমল নাথ৷ তারপর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেন কৃষি সচিব রাজেশ রাজোরা৷ তাতে বলা হয়েছে বিভিন্ন রাষ্ট্রয়ত্ত ও কোঅপারেটিভ ব্যাংক থেকে নেওয়া দু’লক্ষ টাকা অবধি ঋণ মকুব করা হবে৷ আগামী বছর ৩১ মার্চ অবধি কৃষকদের কোনও ঋণ দিতে হবে না৷ মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার আগে রাজ্যের আমলাদের সঙ্গে সৌজন্যমূলক বৈঠক করেন কমল নাথ৷ সেখানে কৃষি ঋণ মকুবের বিষয়টি নিয়ে তাদের সঙ্গে আলোচনা করেন৷ তার প্রেক্ষিতে নোট তৈরি করেন কৃষি দফতরের আধিকারিকরা৷

মুখ্যমন্ত্রী কমল নাথের সঙ্গে বৈঠকের পর মুখ্য সচিব বসন্ত প্রতাপ সিং কৃষি ও অর্থ দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন৷ তাঁকে জানানো হয়, রাজ্যের ৪.১ মিলিয়ন কৃষকের অনাদায়ী ঋণের পরিমাণ ৫৬ হাজার ৩৭৭ কোটি টাকা৷ এর সঙ্গে নন পারফর্মিং অ্যাসেটস কৃষি ঋণ যোগ করলে দাঁড়ায় ১২ হাজার কোটি টাকা৷ কৃষিঋণ মকুব করার পর কমলনাথ জানান, রাহুল গান্ধী ঘোষণা ছিল, ক্ষমতায় আসার দশদিনের মধ্যে দু’লক্ষ টাকা অবধি কৃষিঋণ মকুব করা হবে৷ তাই দায়িত্ব নেওয়ার পর সেটাই ছিল আমার প্রথম কাজ৷ ১৫ বছরের বিজেপি জমানার অবসান ঘটিয়ে আজ সোমবার মুখ্যমন্ত্রী পদে শপথ নেন কমল নাথ৷ এদিন তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ও অন্যান্য বিজেপি বিরোধী দলের নেতারা৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন