
আন্তর্জাতিক ডেস্কঃ যুদ্ধ, দুর্ভিক্ষ ও অন্যান্য দুর্যোগের কারণে বিশ্বের বেশ কয়েকটি দেশের মানুষ আগামী বছর ২০১৯ সালে বিপর্যয় ঝুঁকিতে পরবে। তাদের জন্য আরও কঠিন হবে এবছরটি। আগামী বছর সারাবিশ্বে মানবিক বিপর্যয়ের ঝুঁকিতে থাকবে এমন ১০টি দেশের তালিকা তৈরি করেছে দি ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। এই তালিকায় আছে যথাক্রমে ইয়েমেন, গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো, দক্ষিণ সুদান, আফগানিস্তান, ভেনেজুয়েলা, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, সিরিয়া, নাইজেরিয়া, ইথিওপিয়া ও সোমালিয়া। আজ শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দি ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)।
প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, মনুষ্যসৃষ্ট এবং প্রাকৃতিক উভয় কারণেই এই মানবিক বিপর্যয় দেখা দেবে। মনুষ্য সৃষ্ট কারণের মধ্যে আছে সশস্ত্র যুদ্ধ ও অর্থনৈতিক ধস। আর প্রাকৃতিক কারণের মধ্যে আছে অনাবৃষ্টি, বন্যা ও অন্যান্য জলবায়ু সংক্রান্ত দুর্ঘটনা। অভ্যন্তরীণ বা বাহ্যিক স্থানচ্যুতির ভিত্তিতেই এই তালিকা তৈরি করেছে আইআরসি। সারাবিশ্বে নিজেদের ঘরবাড়ি ছাড়া প্রায় ৪০ মিলিয়ন মানুষের মধ্যে অর্ধেকই এই ১০টি দেশের। মানবিক বিপর্যয়ের ঝুঁকিতে থাকা এই দেশগুলোর ২২ লাখ মিলিয়ন মানুষ তাদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। আরও একটি উল্লেখযোগ্য বিষয় হলো এই ১০টি দেশের কমপক্ষে ১৩ মিলিয়ন মানুষ শরণার্থী হিসেবে জীবনযাপন করছে, যা সারাবিশ্বের মোট শরণার্থীর ৬৫ শতাংশ।