
আন্তর্জাতিক ডেস্কঃ তীব্র ঠাণ্ডায় কাঁপছে ভারতের হিমালয়ের পাদদেশ অঞ্চলগুলো। ইতোমধ্যেই এখানকার বেশ কয়েকটি অঞ্চলে তুষারপাত হয়ে তাপমাত্রা হিমাঙ্কের নিচে চলে গেছে। এছাড়া এখানের পার্শ্ববর্তী অঞ্চলে বইছে শৈত্যপ্রবাহও। গতকাল বৃহস্পতিবার হিমাচল প্রদেশের সিমলায় হয়ে গেলো বছরের প্রথম তুষারপাত। সেখানে আরও জেঁকে বসেছে শীত। গতকাল সিমলায় ৩ দশমিক ৮ সেন্টিমিটার তুষারপাত হয়েছে। আর এ তুষারপাতের হাত ধরে সিমলার তাপমাত্রা হিমাঙ্কের নিচে পৌঁছে গেছে। তাছাড়া হিমাঙ্কের নিচে এখন কাশ্মীরের তাপমাত্রাও।
গত কয়েক দিন ধরে কাশ্মীরে রাতের দিকে হিমাঙ্কের অনেক নিচে যাচ্ছে তাপমাত্রা। কাশ্মীরের অন্যতম পর্যটন কেন্দ্র গুলমার্গে গত কয়েক রাতের তাপমাত্রা ছিল মাইনাস ৮ ডিগ্রি সেলসিয়াস। রাজ্যটির রাজধানী শ্রীনগরের তাপমাত্রাও ১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস কমেছে। উত্তরাখণ্ড হিমালয়ের পাদদেশের আরেক রাজ্য। সেখানেও রেকর্ড পরিমাণ তুষারপাত হয়েছে এবার। কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী এবং যমুনেত্রী এখন এক ফুট বরফের তলায়। সেইসঙ্গে দেরাদুন, মুসৌরিতেও বরফ পড়েছে। রাজ্যগুলোতে এতো তুষারপাত হচ্ছে, যার জের পড়েছে পাঞ্জাব, হরিয়ানা এবং উত্তরপ্রদেশেও। তীব্র শীতে কাঁপছে উত্তরপ্রদেশ। রাজ্যটির বিভিন্ন এলাকায় শৈত্যপ্রবাহ বইছে। লখনউ, আগ্রা, মোরাদাবাদ, কানপুর, ঝাঁসি এবং মিরাটে দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেক নিচে নেমে গেছে এখন।