
আন্তর্জাতিক ডেস্কঃ যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার আলেপ্পো শহরে আবারও সোয়াইন ফ্লু দেখা দিয়েছে। বিগত কয়েকদিনে অন্তত ৭ শিশু এই রোগে আক্রান্ত হয়ে মারা গেছে, যা দুই বছরের মধ্যে এই প্রথম। আলেপ্পোতে যুদ্ধ চললেও গত দুই মাসে উত্তর পশ্চিমাঞ্চলীয় সিরিয়া তুলনামূলকভাবে শান্ত রয়েছে। তবে ২০১৬ সালের পর এই প্রথম সোয়াইন ফ্লু দেখা দিয়েছে। প্রায় শতাধিক মানুষ এই রোগে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।
আলেপ্পোর চিকিৎসক মুস্তাফা মোহাম্মদ বলেন, প্রাথমিক অবস্থায় এই রোগ মারাত্মক কিছু নয়। কিন্তু ধীরে ধীরে এটি নিউমোনিয়ায় রুপ নিতে পারে, রোগীর মৃত্যুও হতে পারে। তিনি বলেন, সিরিয়ায় এই রোগের কোনও টীকা নেই। সাধারণ জ্বরের চিকিৎসার জন্যই ঔষধ রয়েছে এখানে। তাই এরজন্য প্রচারণা চালানো জরুরি বলে মনে করেন তিনি। তিনি বলেন, এখানে অনেক মানুষ বাস করে। কিন্তু কেউই এই বিষয়ে সচেতন নয়। স্বাস্থ্য মন্ত্রণালয় ব্যবস্থা নিলে এই পরিস্থিতি মোকবিলা সম্ভব।