
আন্তর্জাতিক ডেস্কঃ জল্পনা শেষে পদত্যাগ করলেন আরবিআই গভর্নর উর্জিত প্যাটেল। আজ সোমবার তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। রাজধানীতে জল্পনা, নরেন্দ্র মোদী সরকারের সঙ্গে আর্থিক নীতির বিষয়ে দূরত্বের কারণেই ইস্তফা দিতে হল উর্জিতকে। ওয়াকিবহাল মহলের অনেকেই বলেছেন, মনিটরি পলিসির বিষয়ে অর্থ মন্ত্রক এবং প্রধানমন্ত্রীর দফতরের সঙ্গে দূরত্ব বাড়ছিল উর্জিতের ।আগামীকাল মঙ্গলবার পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল কেমন হবে তা নিয়ে উৎকণ্ঠায় রয়েছে বিজেপি। এই পরিস্থিতিতে উর্জিতের পদত্যাগ মোদী সরকারের জন্য একটা বড় ধাক্কা।
প্রসঙ্গেত উল্লেখ্য, উর্জিতের আমলেই বিমুদ্রাকরণ বা নোটবন্দির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরবর্তীকালে অনেক বিশেষজ্ঞের মতে নোটবন্দি মোদী সরকারের সবথেকে বড় ব্যর্থতা হিসেবে উঠে আসে। রিজার্ভ ব্যাংকের স্বাধীনতা ঘিরে কেন্দ্র ও দেশের শীর্ষ ব্যাংকের সংঘাত চলছিল বেশ কিছুদিন ধরেই। এরই মধ্যে কিছুইদন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে রিজার্ভ ব্যাংকের গভর্নর উর্জিত প্যাটেলের বৈঠক হয়। গত ৯ নভেম্বর ওই বৈঠকে বেশ কিছু বিষয় নিয়ে কথা হয়েছে বলে জানা গেছে ৷
সূত্রের খবর, ওই বেঠকে প্রধানমন্ত্রী তাঁর মুখ থেকে জানতে চেয়েছিলেন সমস্যার কথা। ইতিমধ্যেই সরকার রিজার্ভ ব্যাংকের বিরোধীরা নাক গলাচ্ছে বলে সমালোচনা করেছে৷ প্রসঙ্গত, কয়েকদিন আগে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর হয় অর্থমন্ত্রক রিজার্ভ ব্যাংকের সঞ্চয়ের ৯.৫৯ লক্ষ কোটি টাকার এক তৃতীয়াংশ ৩.৬ লক্ষ কোটি টাকা হস্তান্তর করার প্রস্তাব দিয়েছে যদিও তা দিতে রাজি নয় দেশের কেন্দ্রীয় ব্যাংক৷ সংবাদ মাধ্যমের খবরে প্রকাশ, রিজার্ভ ব্যাংকে থাকা মূলধন অধিক আঁচ করায় এবার তার সঞ্চয় থেকে এই অতিরিক্ত ৩.৬ লক্ষ কোটি টাকাকে কাজে লাগাতে চায়৷ এই অর্থকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মূলধন গঠনে সহায়তা করবে এবং ভবিষ্যতে ঋণ দেওয়ার ক্ষমতা বাড়াবে ৷