
আন্তর্জাতিক ডেস্কঃ ব্রাজিলের উত্তরপূর্বাঞ্চলে দুটি ব্যাংকে ডাকাতির চেষ্টার সময় পুলিশের সঙ্গে গুলি বিনিময়ের ঘটনায় ছয় ডাকাত ও তাদের হাতে জিম্মি থাকা এক শিশুসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। ব্রাজিলের পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, গতকাল শুক্রবার রাতে দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় প্রদেশ সিয়ারার মিলাগ্রেস শহরে ওই ঘটনা ঘটেছে। প্রদেশটির গভর্নরের একজন মুখপাত্র বলেন, আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি ছয়জন পুলিশ কর্মকর্তাসহ ১২ জন নিহত হয়েছেন।
ব্রাজিলের মিলাগ্রেসের মেয়র লিয়েলসন লান্ডিন বলেন, ডাকাতরা শিশুসহ যে চারজনকে জিম্মি করেছিল তারা সবাই একই পরিবারের সদস্য ছিল। তিনি বলেন, ওই পরিবার নিকটবর্তী একটি বিমানবন্দরে যাওয়ার সময় পালাতে থাকা ডাকাতরা তাদের তুলে নেয়। অপরাধীরা জিম্মিদের হত্যা করে এবং পুলিশ অপরাধীদের হত্যা করে। এসময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে উভয়পক্ষের মধ্যে ২০ মিনিটের মতো বন্দুকযুদ্ধ চলে। উল্লেখ্য, লাতিন আমেরিকার সবচেয়ে বড় দেশ ব্রাজিলে প্রায় সহিংসতার ঘটনা ঘটে থাকে। তবে সিয়ারা প্রদেশ দেশটির সবচেয়ে সহিংস।