
আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রে ২০১৭ সালে ৪৭ হাজার মানুষ আত্মহত্যা করেছে বলে যুক্তরাষ্ট্রের ফেডারেল প্রশাসনের পক্ষ থেকে এ তথ্য জানায় আটলান্টাস্থ রোগ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ সেন্টার। গতকাল বৃহস্পতিবার এ তথ্য প্রকাশ করে বলা হয়, আত্মহত্যার প্রবণতার কারণে যুক্তরাষ্ট্রের নাগরিকদের গড় আয়ু কমেছে। ওই তথ্যানুযায়ী, ১৯৯৯ সাল থেকে আত্মহত্যার হার ৩৩ শতাংশ বেড়েছে। গবেষণা প্রতিবেদন অনুযায়ী, অন্য যেকোনো জাতিগোষ্ঠীর তুলনায় যুক্তরাষ্ট্রের দ্বিগুণ নাগরিক আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। গৃহদাঙ্গাসহ বিভিন্ন ধরনের সামাজিক হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং এমন পরিস্থিতি প্রতিরোধে যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবিতে রাজপথ, টিভি টক শো সোচ্চার হলেও আত্মহত্যা প্রতিরোধে কেউই উচ্চবাচ্য তেমন একটা করে না। বিখ্যাত ব্যক্তিরা কেন আত্মহত্যা করেন-তা নিয়ে অধিকাংশ ক্ষেত্রেই কারো মাথাব্যাথা পরিলক্ষিত হচ্ছে না। চেষ্টা করাও হয় না কারণ উদঘাটনে।
আত্মহত্যার প্রবণতা বৃদ্ধির কারণ সম্পর্কে গবেষকদের মন্তব্য, জীবনাচারের খেসারত হিসেবেই হয়তো আত্মহত্যার প্রবণতা বাড়ছে। পারিবারিক ও সামাজিক ব্যবস্থায় সুন্দর ভবিষ্যতের সঠিক দিক-নির্দেশনা না থাকার কারণেই যুক্তরাষ্ট্রের নাগরিকরা ক্রমে হতাশায় নিপতিত হচ্ছেন। আত্মহত্যার নেপথ্য কারণ হিসেবে আরও উল্লেখ করা হয়েছে, নেশা ও মাদককে। এছাড়া একাকিত্ব অবসানেও কেউ কেউ আত্মহত্যাকে বেছে নিচ্ছেন বলে গবেষকরা মন্তব্য করেন। চরম অর্থ সংকটে পড়েও অনেকে এই পন্থা অবলম্বন করেন বলে মত তাদের।