
আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনি জনগণের অধিকারের প্রতি সমর্থন জানিয়েছে দক্ষিণ আমেরিকার দেশ উরুগুয়ে। দেশটির ভাইস প্রেসিডেন্ট লুসিয়া তোপোলানস্কি এ ইস্যুতে নিজ দেশের এমন অবস্থান তুলে ধরেছেন। একইসঙ্গে তিনি নানা ক্ষেত্রে ফিলিস্তিনি নাগরিকদের সঙ্গে সহযোগিতার ওপর জোর দেন। উরুগুয়েতে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত ওয়ালিদ আবদেল রাহিমের সঙ্গে সাক্ষাৎকালে প্যালেস্টাইন ইস্যুতে নিজ দেশের অবস্থান পরিষ্কার করেন তিনি। ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি সমর্থন দেওয়ায় এবং ১৯৬৭ সালের সীমান্ত মেনে স্বাধীন ফিলিস্তিনের প্রতি সমর্থন দেওয়ায় উরুগুয়েকে ধন্যবাদ জানান রাষ্ট্রদূত ওয়ালিদ আবদেল রাহিম। সাক্ষাৎকালে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের অবৈধ বসতি স্থাপন, সাধারণ ফিলিস্তিনিদের ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়ার মতো ঘটনাবলী সম্পর্কে উরুগুয়ের নেতাকে অবহিত করা হয়।