
আন্তর্জাতিক ডেস্কঃ বৈশ্বিক অর্থনীতির জন্য ব্রেক্সিট একটি ভাল চুক্তি বলে বিশ্ব নেতাদের আশ্বস্ত করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। গতকাল রবিবার আর্জেন্টিনায় জি টোয়েন্টি সম্মেলনে তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন থেকে একমাত্র তিনিই ব্রিটেনকে বের করে আনতে পারেন। এ জন্য ব্রিটিশ পার্লামেন্টের পাশাপাশি বিশ্বনেতাদের সহযোগিতা কামনা করেন থেরেসা মে। অন্যদিকে, ব্রেক্সিট প্রক্রিয়ায় আইনী স্বচ্ছতা ও স্থিতিশীলতার জন্য নো ডিল ব্রেক্সিট এড়িয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী। একই অনুষ্ঠানে ব্রেক্সিট প্রক্রিয়াকে কঠিন পদক্ষেপ আখ্যা দিয়ে থেরেসা মে'র প্রশংসা করেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। বুয়েন্স আয়ার্সের এবারের জি-টোয়েন্টি সম্মেলনে অন্যতম একটি আলোচ্য বিষয় ছিল ব্রেক্সিট চুক্তি।
দুইদিন ব্যাপী সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে পার্শ্ব বৈঠকে যুক্তরাজ্যের বাণিজ্য বিষয়ক আলোচনার পাশাপাশি ব্রেক্সিট চুক্তির বিষয়ে কথা বলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। বিশ্ব অর্থনীতির জন্য ব্রেক্সিট চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশ্বস্ত করেন তিনি। ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, এই সম্মেলনের মাধ্যমে ব্রেক্সিটের সর্বশেষ অবস্থা আমাদের বন্ধু রাষ্ট্রগুলোর কাছে তুলে ধরার সুযোগ পেয়েছি। ব্রেক্সিট চুক্তি বিশ্ব অর্থনীতির জন্য ভাল কিছু বয়ে আনবে। এর মধ্য দিয়ে ইউরোপীয় ইউনিয়নভূক্ত দেশ ব্যবহার করে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো যুক্তরাজ্যের সঙ্গে ব্যবসা বাণিজ্য করার সুযোগ পাবে। সবচেয়ে বড় কথা এই চুক্তি বাস্তবায়ন হলে চার দশক পর প্রথমবারের মতো যুক্তরাজ্যের নিজস্ব স্বাধীন বাণিজ্য নীতি থাকবে। এর ফলে বিশ্ব অর্থনীতিতে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবো। ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বের হয়ে যাওয়ার পক্ষে গত রোববার ব্রেক্সিটের খসড়া চুক্তির অনুমোদন দেয় ইউরোপীয় পার্লামেন্ট। ব্রিটিশ পার্লামেন্টে ১১ ডিসেম্বর অনুষ্ঠেয় ভোটে চুক্তির অনুমোদন দিতে পার্লামেন্ট সদস্যদের প্রতি আহ্বান জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে।