
আন্তর্জাতিক ডেস্কঃ কর্তারপুর করিডরের মতো এবার দুই কাশ্মীরের মধ্যে করিডর চাইলেন মেহবুবা মুফতি ৷ জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রীর মতে,কর্তারপুর করিডর ভারত ও পাকিস্তান সম্পর্কের মধ্যে নতুন দিক খুলে দিয়েছে ৷তার আশা এবার দুই কাশ্মীরের মধ্যে করিডর তৈরি হলে তা উপত্যকায় শান্তি ও সমৃদ্ধি ফিরিয়ে আনবে ৷মেহবুবা চান পাকিস্তান অধিকৃত কাশ্মীর পর্যন্ত সারদা পীঠ করিডর চালু হোক ৷ এতে কাশ্মীরি পন্ডিতরা উপকৃত হবেন ৷ মেহবুবা এই মর্মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠিও লিখেছেন ৷ এদিন ট্যুইট করে মেহবুবা জানান,পন্ডিত সম্প্রদায়ের মানুষের সুবিধার্থে পাকিস্তান অধিকৃত কাশ্মীর পর্যন্ত সারদা পীঠ করিডর চালু করার জন্য প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছি ৷ কর্তারপুরের মতো এই করিডর উপত্যকায় শান্তি ও সমৃদ্ধি ফিরিয়ে আনার পক্ষে সহায়ক হয়ে উঠবে ৷কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তান সম্পর্ক তলানিতে৷ কিন্তু মুফতি মনে করেন এই করিডরের মাধ্যমে দুই দেশ তিক্ত সম্পর্ক কাটিয়ে উঠবে ৷ এক নতুন অধ্যায়ের সূচনা হবে।
প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে মুফতি সেই আশাই প্রকাশ করেন। মুফতির এই দাবিকে সমর্থন করেছেন আরো এক সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ৷ ট্যুইট করে তিনি লেখেন,জম্মু কাশ্মীর,কার্গিল ও লেহ’র টুরটুক পর্যন্ত যত ঐতিহাসিক রুট আছে তা চালু করা হোক৷ কর্তারপুর করিডরের পর কাশ্মীরের পন্ডিত সম্প্রদায়ের মানুষদের মধ্যে সারদা পীঠ করিডর চালু নিয়ে আশার সঞ্চার হয় ৷ মুফতির আশা পাকিস্তানের প্রধানমন্ত্রীও বিষয়টি বিবেচনা করে দেখবে ৷ কয়েকদিন আগে দুই দেশ কর্তারপুর করিডরের শিলান্যাস করে ৷ পাকিস্তানের পঞ্জাব প্রদেশে নারোওয়াল জেলায় কর্তারপুর সাহিবে গুরু নানক তার জীবনের শেষ ১৮ বছর কাটান ৷ শিখ সম্প্রদায়ের মানুষের কাছে এই জায়গা খুবই পবিত্র৷ বহু বছর ধরে দুই দেশের শিখ সম্প্রদায়ের মানুষ এমন এক করিডর চালু করা নিয়ে সরকারকে অনুরোধ জানিয়ে আসছিল ৷গত মাসে কেন্দ্রীয় সরকার এই করিডর চালু করা নিয়ে সবুজ সঙ্কেত দেয় ৷পাকিস্তানের নতুন সরকারও এতে সায় দেয় ৷চলতি সপ্তাহে এই করিডরের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান সম্পন্ন হয়৷