
আন্তর্জাতিক ডেস্কঃ জি-২০ সম্মেলনকে কেন্দ্র করে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ারসে বিক্ষোভ করেছে হাজার হাজার পুঁজিবাদী বিরোধী এবং সাধারণ জনগণ। এই বিক্ষোভকারীদের দমনের জন্য জি-২০ সম্মেলনের আয়োজন স্থান বুয়েন্স আয়ারসে কঠোর করা হয়েছে নিরাপত্তা। সাধারণ মানুষ যাতে বিক্ষোভে অংশগ্রহণ না করতে পারে সে জন্য বন্ধ করে দেয়া হয়েছে আর্জেন্টিনার গণপরিবহন। সম্মেলন স্থান থেকে আশেপাশের ১২ কিলোমিটার এলাকা পুরোটি ঘিরে ফেলে রেখেছে নিরাপত্তা কর্মীরা। আর বিক্ষোভকারীদের সম্মেলন স্থান থেকে ৫ কিলোমিটার দূরে রাখা হয়েছে। বিক্ষোভে অংশ নিয়ে আর্জেন্টিনা রিজিওনাল ফেডারেশন দলের সদস্য সেবাস্তিয়ান ডোমিঙ্গুয়েজ বলেন, আমরা নিরাপত্তা বেষ্টনী পর্যন্ত বিক্ষোভ নিয়ে যাব যাতে সম্মেলনে যারা আছে তারা যেন দেখতে পারে যে তাদের বিরুদ্ধে জনগণ প্রতিবাদ করছে। ডোমিঙ্গুয়েজের সঙ্গে যোগ দেয়া অনেকেই বিশ্বের সমস্যা সমাধানে ভূমিকা না রাখায় জি-২০ সম্মেলনের ওপর ক্ষোভ ঝেড়েছেন।
আর্জেন্টিনার একটি ট্রেড ইউনিয়ন এটিই দলের সাধারণ সম্পাদক ড্যানিয়েল কাটালানো বলেন, এই জি-২০ কখনো শরণার্থী নিয়ে কথা বলে না। তারা দারিদ্রতা নিয়ে কথা বলে না। জলবায়ু পরিবর্তন নিয়েও তারা কথা বলে না, জীবন মান কিভাবে উন্নত করা যায় সেটি নিয়েও তারা আলোচনা করে না। তারা শুধু আলোচনা করে কিভাবে তারা সম্পদ এবং প্রাকৃতিক সম্পদ ভাগাভাগি করবে। প্রসঙ্গত, গ্রুপ অব টোয়েনটি ফিন্যানস মিনিস্টারস অ্যান্ড সেন্ট্রাল ব্যাংক গভর্নরস (জ়ি-২০) হল বিশ্বের ২০টি দেশের অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সমন্বয়ে গঠিত একটি জোট বা গ্রুপ। গ্রুপের সদস্য ১৯টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন। এটি ১৯৯৯ সালে গঠিত হয়।