
আন্তর্জাতিক ডেস্কঃ চলতি ডিসেম্বর মাসের মধ্যেই রাশিয়ার ওপর আরও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করবে ইউরোপীয় ইউনিয়ন(ইইউ)। আজভ সাগরে ইউক্রেনের নৌবাহিনীর বিরুদ্ধে মস্কোর তৎপরতার কারণেই এই সিদ্ধান্ত নেয়া হবে। গতকাল শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে এই নিষেধাজ্ঞা আরোপের সঙ্গে যুক্ত একজন কর্মকর্তা একথা জানিয়েছে। আগামী ১৩-১৪ ডিসেম্বর অনুষ্ঠেয় ইইউ নেতাদের সম্মেলনে সভাপতিত্ব করবেন ইউরোপিয়ান কাউন্সিল প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক। এতে ইউক্রেনে অরাজকতার সৃষ্টির দায়ে শাস্তিস্বরূপ রাশিয়ার প্রতিরক্ষা, জ্বালানি ও ব্যাংকিং ক্ষেত্রগুলোর ওপর আরোপকৃত নিষেধাজ্ঞা আরও এক বছরের জন্য বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হবে।
আর্জেন্টিনায় এক সংবাদ সম্মেলনে টাস্ক বলেন, ইউক্রেনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করতে ইউরোপ ঐক্যবদ্ধভাবে সমর্থন দিয়ে যাবে দেশটিকে। আর এই কারণেই আমি মনে করি ডিসেম্বরের মধ্যেই রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরও বাড়াবে ইইউ। ইউক্রেনের নৌবাহিনীর জাহাজের বিরুদ্ধে রাশিয়ার সৈন্য ব্যবহার করা কোনোভাবেই মেনে নেয়া যায় না বলেও উল্লেখ করেন তিনি।