
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। গতকাল বৃহস্পতিবার বৈঠকে দুই দেশের নিরাপত্তা, জ্বালানি ও বিনিয়োগের সম্ভাবনা নিয়ে কথা বলেন দুই নেতা। বর্তমানে তারা দুজনই জি-২০ সম্মেলনে অংশ নিতে আর্জেন্টিনা অবস্থান করছেন। রাজধানী বুয়েন্স এইরেসে যুবরাজের বাসভবনেই দেখা করেন ভারতের প্রধানমন্ত্রী মোদি। সৌদি যুবরাজ জানান, ভারতে জ্বালানি রফতানি করতে প্রস্তুত সৌদি আরব। সৌদি তেল রফতানিকারক প্রতিষ্ঠান আরামকোর ভারতে বিনিয়োগ নিয়ে মোদির সঙ্গে কথা বলেন সৌদি যুবরাজ সালমান। ভারতের পশ্চিম উপকূলে বড় পরিশোধন প্রকল্প তৈরিরও আশা প্রকাশ করেন। সৌদি সমর্থিত ভিশন ফান্ড এর মাধ্যমে সৌরশক্তিতে বিনিয়োগের সম্ভাবনা নিয়েও কথা বলেন দুই নেতা। বৈঠকে অস্ত্র তৈরি ও রফতানিতে যৌথ প্রয়াসের ব্যাপারে কথা বলেন সৌদি যুবরাজ সালমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।