News71.com
 International
 29 Nov 18, 05:21 AM
 225           
 0
 29 Nov 18, 05:21 AM

মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেই ইরান থেকে ভারতের তেল আমদানি ৩৬ শতাংশ বাড়ল ॥  

মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেই ইরান থেকে ভারতের তেল আমদানি ৩৬ শতাংশ বাড়ল ॥   

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় বিশ্বের বেশিরভাগ দেশের কাছে তেল বিক্রি করতে না পারলেও ইরান ভারতের কাছে তেল রপ্তানি বাড়িয়েছে। দেশটির কাছ থেকে ভারতের কেনা অপরিশোধিত তেলের পরিমাণ বৃদ্ধি পেয়েছে ৩৬ শতাংশ। গত অক্টোবর মাসে ইরান থেকে ভারতের জ্বালানি তেল আমদানির পরিমাণ ছিল ২৫ লাখ ৭০ হাজার টন। গত বছরের অক্টোবর মাসে এ পরিমাণ ছিল ১৪ লাখ ২০ হাজার টন। ভারতের ডিরেক্টরেট জেনারেল অব কমার্শিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড স্ট্যাটিস্টিকসের প্রতিবেদনে বলা হয়েছে, ভারত গত অক্টোবর মাসে ইরান থেকে ১৪২ কোটি ডলারের অপরিশোধিত তেল আমদানি করেছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ভারত তার প্রয়োজনীয় বেশিরভাগ অপরিশোধিত তেল আমদানি করেছে ইরাক থেকে। ইরানের দ্বিতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ ভারত। শীর্ষ দেশটি হচ্ছে চীন। ভারত যে তেল কেনে ইরানের তার জন্য বিশেষ মূল্যছাড় দেয়। এদিকে সৌদি আরব থেকে ভারতের আমদানি করা তেলের পরিমাণ ১৩ শতাংশ কমে ৩০ লাখ ৫০ হাজার টনে পৌঁছেছে। যুক্তরাষ্ট্র ইরানি পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর ক্ষেপণাস্ত্র গবেষণা বন্ধ না করা ও মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করার অভিযোগে ইরানের ওপর আবার অবরোধ আরোপ করে। তবে শেষ পর্যন্ত তুরস্ক, চীন, ভারত, উত্তর কোরিয়া, ইতালি, গ্রিস, তাইওয়ান এবং জাপানকে ইরানি তেল কেনার বিষয়ে অস্থায়ীভিত্তিতে ছাড় দেয় দেশটি। যদি এ বন্দোবস্ত না হতো এবং তারপরও ভারত ইরানের কাছ থেকে তেল কিনত তাহলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য করতে সমস্যার মুখে পড়তে হতো ভারতের। নিষেধাজ্ঞা অমান্য করা প্রতিষ্ঠানও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় পড়তে পারত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন