News71.com
 International
 28 Nov 18, 07:44 AM
 191           
 0
 28 Nov 18, 07:44 AM

আলিঙ্গন করেছি মাত্র, রাফায়েল চুক্তি নয়॥ নভজ্যোত সিং সিধু  

আলিঙ্গন করেছি মাত্র, রাফায়েল চুক্তি নয়॥ নভজ্যোত সিং সিধু   

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের শপথ গ্রহণ অনুষ্ঠানে পাক সেনাপ্রধানকে আলিঙ্গন করে ভারতে প্রবলভাবে সমালোচিত হয়েছিলেন নভজ্যোত সিং সিধু। তাদের এবার জবাব দিলেন পাঞ্জাব মন্ত্রিসভার এই সদস্য। পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে গতকাল মঙ্গলবার সমালোচকদের সিধু খোঁচা দিয়ে বলেন,‘‘আলিঙ্গন করা পাঞ্জাবীদের রীতি। আর সেই আলিঙ্গনের স্থায়িত্ব ছিল মাত্র কয়েক সেকেন্ড। সেটা রাফায়েল চুক্তি ছিল না ।’’

রাজনৈতিক মহলের মতে, এই মন্তব্য করে পরিণতমস্তিস্কের রাজনীতিবিদের পরিচয় দিয়েছেন সিধু। এক ঢিলে দুই পাখি মারার কায়দায় রাফায়েল ইস্যু খুঁচিয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন। আবার কংগ্রেসীদের মধ্যে যারা তার এই পাকিস্তান সফর নিয়ে অসন্তোষ ছিলেন রাফায়েল নিয়ে মন্তব্য করে তাদের অসন্তোষে কিছুটা হলেও পানি ঢেলে দেন। যথারীতি সিধুর মন্তব্যের ক্ষুব্ধ হয় বিজেপি। দলটি ট্যুইট করে জানিয়েছে, কংগ্রেসের মধ্যে উন্মাদ রোগ সংক্রমণের চেহারা নিয়েছে। রাফায়েল নিয়ে রাহুল গান্ধীর মিথ্যাচারকে সিধু বহন করে পাকিস্তান নিয়ে গেছে। সেখানে তিনি বন্ধু খুঁজে পেয়েছেন ।

কর্তারপুর করিডরের উদ্বোধনে ‘বন্ধু’ ইমরান খানের ডাকে সাড়া দিয়ে পাকিস্তান গিয়েছেন সিধু। সেখানে তিনি জানান, এই করিডর দুই দেশের মধ্যে সৌহার্দ্যের সেতু হিসাবে কাজ করবে। মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ বাড়াবে এবং শান্তি ফিরিয়ে আনবে। এই করিডর উদ্বোধনে উপস্থিত থাকার আমন্ত্রণ পেয়েছিলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। দু’জনই সেই আমন্ত্রণ প্রত্যাখান করেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন