News71.com
 International
 28 Nov 18, 04:57 AM
 182           
 0
 28 Nov 18, 04:57 AM

ইউক্রেনের বেপরোয়া পদক্ষেপে পুতিনের হুঁশিয়ারি।

ইউক্রেনের বেপরোয়া পদক্ষেপে পুতিনের হুঁশিয়ারি।

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনের তিনটি জাহাজ রাশিয়া জব্দ করার পর কিয়েভ দেশে ৩০ দিনের সামরিক শাসন জারি করেছে। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনকে এ ধরনের বেপরোয়া পদক্ষেপের ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেংকো দেশে ৩০ দিনের সামরিক শাসন জারি করার অনুরোধ জানালে পার্লামেন্ট গত সোমবার রাতে তাতে সম্মতি দেয়। এর আগে গত রবিবার ক্রিমিয়া উপকূলে রাশিয়া ইউক্রেনের তিনটি জাহাজের ওপর গুলি চালায় এবং পরে সেগুলো জব্দ করে। রাশিয়ার অভিযোগ,ইউক্রেনের জাহাজগুলো তাদের পানিসীমা অতিক্রম করেছিল। এ ঘটনা ওই অঞ্চলের উত্তেজনা আরো বাড়াবে বলেই আশঙ্কা করা হচ্ছে। আন্তর্জাতিকভাবে প্রায় সবাই এ ঘটনার পর দুই পক্ষের প্রতি সংযম প্রদর্শন ও মধ্যস্থতার আলোচনা শুরুর আহ্বান জানিয়েছে। সামরিক শাসন জারির কারণে ইউক্রেন সামরিক বাহিনীর অভিজ্ঞতা আছে,এমন নাগরিকদের দেশের যেকোনো স্থানে মোতায়েন করতে পারবে,গণমাধ্যম নিয়ন্ত্রণ এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে সমাবেশ আয়োজন নিষিদ্ধ করতে পারবে। মস্কোর দাবি,ইউক্রেন উসকানি ছড়ানোর লক্ষ্যে ইচ্ছা করেই রবিবারের ঘটনাটি ঘাটিয়েছে। আগামী বছর ইউক্রেনে নির্বাচন। এর আগে প্রেসিডেন্ট পোরোশেংকোর সমর্থন বাড়ানোর লক্ষ্যেই এ কাজটি করে তারা। একই সঙ্গে রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা বৃদ্ধির দুরভিসন্ধিও আছে তাদের। এক বিবৃতিতে ক্রেমলিন জানায়,গত সোমবার টেলিফোনে আলাপকালে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল ও পুতিন ইউক্রেনে সামরিক শাসন জারি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এ সময় পুতিন বলেন,কিয়েভের তৎপরতা থেকে স্পষ্ট যে নির্বাচনী প্রচারের লক্ষ্য নিয়েই এ কাজটি করেছে তারা। পুতিন আরো বলেন,বার্লিন কিয়েভ কর্তৃপক্ষকে এ ধরনের বেপরোয়া পদক্ষেপ না নিতে চাপ দিতে পারে।

রাশিয়া ও ইউক্রেনের টেলিভিশনে গত রবিবারের ঘটনা বারবার দেখানো হয়েছে। এতে দেখা যায় কৃষ্ণ সাগর থেকে আজোভ সাগরের দিকে ঢোকার মুখে কেরচ প্রণালিতে ইউক্রেনের একটি টাগবোটকে তাড়া করছে রাশিয়ার যুদ্ধজাহাজ। তাদের জাহাজের দিকে রাশিয়া গুলি ছুড়েছে বলেও অভিযোগ করেছে ইউক্রেন। রাশিয়ার সীমান্ত বাহিনীর দেখভালকারী এফএসসি নিরাপত্তা সংস্থা ওই এলাকায় অস্ত্র ব্যবহার এবং জাহাজ জব্দের বিষয়টি নিশ্চিত করেছে। তাদের অভিযোগ,ইউক্রেনের জাহাজ ‘রাশিয়ার সীমান্ত অতিক্রম করেছে। এই প্রণালিটি নিয়ে অবশ্য বেশ কিছুদিন থেকেই উত্তেজনা চলছে। ২০১৪ সালে ক্রিমিয়া দখল করার পর সরাসরি যোগাযোগের জন্য রাশিয়া এর ওপর দিয়ে একটি সেতু নির্মাণ করে। ইউক্রেন অভিযোগ করে আসছে,রাশিয়া দীর্ঘদিন থেকেই তাদের এই প্রণালিটি ব্যবহার করতে দেয় না। সাম্প্রতিক মাসগুলোতে দুই পক্ষই ওই এলাকায় প্রচুর সেনা ও সীমান্তরক্ষীদের জাহাজ মোতায়েন করে। জানা গেছে,গত রবিবারের ঘটনায় ২৪ জন নাবিককে আটক করেছে রাশিয়া। তাঁদের মুক্তি দেওয়ার ইউক্রেনের দাবিও নাকচ করে দিয়েছে রাশিয়া। এক ভিডিও ফুটেজে দেখা গেছে,তাঁদের মস্কোর নিরাপত্তা বাহিনীর লোকজন জিজ্ঞাসাবাদ করছে। পুরো বিষয়টিই ইউক্রেনকে আরো ক্ষুব্ধ করতে পারে। কিয়েভ এরই মধ্যে রাশিয়ার ওপর আরো নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে। তবে ব্রিটেন,কানাডা,ফ্রান্স,জার্মানি এবং অন্য দেশগুলো সোমবার কিয়েভের প্রতি সমর্থনের কথা ব্যক্ত করেছে। ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক ইউক্রেনের নাবিক ও জাহাজগুলো ছেড়ে দেওয়ার জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন। গত সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে মার্কিন দূত নিকি হ্যালি এই ঘটনাকে রাশিয়ার আরেকটি বেপরোয়া তৎপরতা হিসেবে অভিহিত করেন। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন,যা ঘটছে তা আমার পছন্দ নয়। তবে ইউরোপকেই এই সংকটের সমাধান করতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন