
আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের স্বঘোষিত গণতান্ত্রিক সমাজতন্ত্রী ও মার্কিন কংগ্রেসের সিনেটর বার্নি স্যান্ডার্স আবারও দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন লড়াইয়ে অবতীর্ণ হতে চান। গতকাল মঙ্গলবার একটি ম্যাগাজিনকে এই ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রে সমাজতন্ত্রের প্রতি মার্কিন সমাজের নেতিবাচক ধারণা পাল্টে দেওয়া স্বতন্ত্র এই মার্কিন সিনেটর। ৭৭ বছর বয়সী এই নেতা ২০১৬ সালের নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির মনোনয়নের জন্য হিলারি ক্লিনটনের বিরুদ্ধে বিস্ময়কর লড়াইয়ে অবতীর্ণ হয়েছিলেন। পরে হিলারির কাছে মনোনয়ন লড়াইয়ে হেরে যান। তাঁর সমর্থকরা এখনো আত্মবিশ্বাস ব্যক্ত করে বলে থাকেন,বার্নি স্যান্ডার্সই কেবল ট্রাম্পকে পরাজিত করে হোয়াইট হাউসে যেতে পারতেন।
জনপ্রিয় সিনেটর বার্নি স্যান্ডার্স সম্প্রতি আমরা এখান থেকে কোথায় যাচ্ছি হোয়েয়ার উই গো ফ্রম হেয়ার শীর্ষক একটি গ্রন্থ লিখেছেন। গত মঙ্গলবার রাতে বইটি প্রকাশিত হয়েছে। একই রাতে বার্নি স্যান্ডার্স জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটিতে ভাষণও দেন। নিউ ইয়র্ক ম্যাগাজিনকে স্যান্ডার্স বলেন,বার্নি স্যান্ডার্স এখনো বিশ্বাস করেন,তাঁর ধারণাই সমাজতান্ত্রিক চিন্তা জাতির জন্য সর্বোত্তম। বার্নি স্যান্ডার্স বলেন,আমি সেসব বিলিয়নেয়ারদের সন্তানদের কেউ নই,যাদের বাবা তাদের বলতেন যে তারাও একদিন আমেরিকার প্রেসিডেন্ট হতে যাচ্ছে। আমি এমন কোনো তীব্র ইচ্ছা নিয়ে প্রতিদিন ঘুম থেকে উঠি না যে আমাকে প্রেসিডেন্ট হতে হবে। বার্নি স্যান্ডার্স বলেন,কিন্তু যদি সে সুযোগ হয়,ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করতে আমি হব সর্বোত্তম প্রার্থী। সম্ভবত আমি সেই লড়াই করব।