
আন্তর্জাতিক ডেস্কঃ উত্তর কোরিয়ার শাসকদের কাছে গোপন তথ্য পাচার করার সন্দেহে ফ্রান্সে শীর্ষ সরকারি কর্মকর্তা বেনোয়া কুয়েনেদিকে দেশটির গোয়েন্দা সংস্থা গ্রেপ্তার করেছে। গত রবিবার তাঁকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে সরকারি একটি সূত্র জানিয়েছে। সরকারি কর্মকর্তা বেনোয়া ফরাসি সিনেটে কর্মরত ছিলেন। এ ছাড়া তিনি ফ্রান্স কোরিয়া ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন। দেশের মৌলিক স্বার্থকে জলাঞ্জলি দিয়ে তথ্য সংগ্রহ এবং বিদেশি শক্তির কাছে তথ্য পাচার সন্দেহে গত মার্চ মাসে বেনোয়ার বিরুদ্ধে তদন্ত শুরু হয় বলে সূত্রটি জানিয়েছে। দ্য ফ্রেঞ্চ নিউজ এবং লে কোতিদোঁ নামের টক শোয়ে বেনোয়ার গ্রেপ্তারের খবর প্রথম প্রচার করা হয়। তারা জানিয়েছে,বেনোয়াকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।