
আন্তর্জাতিক ডেস্কঃ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ব্যবস্থা নেওয়ার দাবিতে আন্দোলনে নামছে অস্ট্রেলিয়ার স্কুল শিক্ষার্থীরা। তবে তাদেরকে আন্দোলন কমিয়ে পড়াশোনায় বেশি মনযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। গতকাল সোমবার পার্লামেন্টে অনুষ্ঠিত এক প্রশ্নোত্তর পর্বে তিনি বলেছেন, আমরা চাই স্কুলে বেশি করে পড়াশোনা হবে, অ্যাকটিভিজম কম হবে। জলবায়ু পরিবর্তন ঠেকাতে ব্যবস্থা নেওয়ার দাবিতে আগামীকাল বুধবার থেকে তিনদিনের আন্দোলন শুরুর প্রস্তুতি নিচ্ছে অস্ট্রেলিয়ার স্কুল শিক্ষার্থীরা। স্কুল স্ট্রাইক ফর ক্লাইমেট অ্যাকশন ব্যানারে বিভিন্ন রাজ্যের রাজধানীতে এ বিক্ষোভ হবে।
জানা গেছে, সেন্ট্রাল কুইন্সল্যান্ডে প্রস্তাবিত কয়লা খনির প্রকল্প বাতিল, নতুন করে আর কোনও কয়লা বা গ্যাস প্রকল্প হাতে না নেওয়া এবং ২০৩০ সাল নাগাদ ১০০ ভাগ নবায়নযোগ্য জ্বালানি নিশ্চিত করার দাবিতে শিক্ষার্থীরা রাস্তায় নামবে। স্কুল শিক্ষার্থীদের এ আন্দোলনের পরিকল্পনাকে ভালোভাবে দেখছেন না অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন।সোমবার পার্লামেন্টে তিনি বলেন, স্কুলকে বাইরে রেখে যে বিষয়গুলোর সুরাহা করা যাবে সে ইস্যুগুলোর জন্য শিক্ষার্থীদের স্কুলে না যাওয়াকে আমরা সমর্থন করি না। প্রতিদিন আমি আমার বাচ্চাদের স্কুলে পাঠাই এবং আমি জানি পার্লামেন্টের অন্য সদস্যদের বাচ্চারাো স্কুলে যায়। তবে আমরা চাই না স্কুলগুলো পার্লামেন্টে পরিণত হোক। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সরকার কি কি পদক্ষেপ নিচ্ছে তার একটি তালিকা পার্লামেন্টে উপস্থাপন করেন মরিসন। তিনি বলেন, ‘এ পদক্ষেপগুলো নেওয়ার ব্যাপারে আমরা বদ্ধপরিকর। তবে আমরা আরও একটি বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ-তাহলো, বাচ্চাদেরকে স্কুলে যেতে হবে।