
আন্তর্জাতিক ডেস্কঃ কোমলমতি স্কুল শিক্ষার্থীদের ভার লাঘবে নতুন নিয়ম করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। নতুন নিয়ম অনুযায়ী, স্কুল শিক্ষার্থীদের অতিরিক্ত বই কিংবা অন্য শিক্ষা উপকরণ স্কুলব্যাগে বহন করার নির্দেশ দিতে পারবে না স্কুল কর্তৃপক্ষ। কোন শ্রেণির শিক্ষার্থীদের স্কুলব্যাগের ওজন সর্বাধিক কত হবে সেটাও বেঁধে দিয়েছে সরকার। একইসঙ্গে হোমওয়ার্কের চাপ কমাতে প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে কোনো হোমওয়ার্ক থাকবে না বলে নির্দেশ দিয়েছে মানবসম্পদ উন্নয়ন (এইচআরডি)মন্ত্রণালয়।
জানা গেছে, ভারতের ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এনসিইআরটি)-র সুপারিশে এই নির্দেশনা জারি করেছে সরকার। নির্দেশিকায় বলা হয়েছে, প্রথম ও দ্বিতীয় শ্রেণির ছাত্র-ছাত্রীদের ব্যাগের ওজন কোনোভাবেই দেড় কেজির বেশি হবে না। দশম শ্রেণির শিক্ষার্থীদের ব্যাগের ওজন হবে সর্বোচ্চ পাঁচ কেজি। প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের হোমওয়ার্ক দেয়া যাবে না। শুধু তাই নয়, ওই দুই শ্রেণিতে ভাষা ও গণিত এবং তৃতীয় থেকে পঞ্চম শ্রেণিতে ভাষা, গণিত ও পরিবেশবিদ্যা ছাড়া অন্য কোনো বিষয় পড়াতে পারবে না স্কুল। এমনকি ছেলেমেয়েদের বাড়তি বই আনতেও বলা যাবে না।