News71.com
 International
 27 Nov 18, 01:12 PM
 321           
 0
 27 Nov 18, 01:12 PM

করিডর উদ্বোধনে পাকিস্তান যাচ্ছেন না ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ  

করিডর উদ্বোধনে পাকিস্তান যাচ্ছেন না ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ   

আন্তর্জাতিক ডেস্কঃ শিখ ধর্মাবলম্বীদের জন্য কার্তারপুর করিডর উদ্বোধনে পাকিস্তানের আমন্ত্রণ পেলেও সেখানে যেতে পারছেন না ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। পররাষ্ট্রমন্ত্রী সুষমা বলেন, আগেই আমার কিছু কর্মসূচি নির্ধারণ হয়ে থাকায় যেতে পারছি না। তবে অন্যরা যাবেন। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মোহাম্মদ কুরাইশিকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, তেলেঙ্গনা অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচারে অংশ নেয়ার প্রতিশ্রুতির কারণে আমার যাওয়া হবে না। আমি আগেই ওই কর্মসূচিতে অংশ নেয়ার প্রতিশ্রুতি দিয়ে রেখেছিলাম। তবে ভারতের খাদ্য প্রক্রিয়াজাতকরণ কারখানাবিষয়ক মন্ত্রী হারশিমারাত খোর এবং আবাসন ও নগরবিষয়ক মন্ত্রী শ্রী হারদ্বীপ সিং পুরি অনুষ্ঠানে যোগ দেবেন।

এক চিঠিতে সুষমা স্বরাজ বলেন, আমাদের প্রত্যাশা-পাকিস্তান সরকার করিডর নির্মাণে সহায়তা করবে, যাতে ভারতীয়রা সেখানে গিয়ে গুরুদুয়ারা কার্তারপুর শাহিবে শ্রদ্ধা নিবেদন করতে পারেন। শিখ তীর্থযাত্রীদের জন্য কার্তারপুর করিডরের ঐতিহাসিক উদ্বোধনের চার দিন আগে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, অনুষ্ঠানে যোগ দিতে আমরা সুষমা স্বরাজকে আমন্ত্রণ জানিয়েছি। এ ছাড়া ভারতের পাঞ্জাবপ্রদেশের মুখ্যমন্ত্রীকেও আমন্ত্রণ করা হয়েছে। তবে অনুষ্ঠানে সুষমা স্বরাজ অংশ নিলে ইমরান খানের পিটিআই সরকার ক্ষমতায় আসার পর এটিই হতো তার প্রথম পাকিস্তান সফর। এর আগে গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে এ দুই চিরবৈরী দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করেছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন