
আন্তর্জাতিক ডেস্কঃ জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দুর্গম গ্রাম তাকাচিহোর একটি খামার বাড়ি থেকে ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে পাঁচজন একই পরিবারের সদস্য। গতকাল সোমবার জাপানের তদন্ত পুলিশ মৃতদেহগুলো শনাক্ত করে। নিহতদের কয়েকজনের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। গতকাল সোমবার মিয়াজাকি প্রদেশের তাকাচিহো এলাকার নদী থেকেও একটি মৃতদেহ উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ। জাপানে গণহারে হত্যার ঘটনা খুব বিরল। এ ধরনের হত্যাকাণ্ডের দিক দিয়ে জাপানকে বিশ্বের নিরাপদ দেশগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়। জানা গেছে, ঐ পরিবারটির এক আত্মীয় তাদেরকে ফোন করে সাড়া না পাওয়ায় পুলিশকে খবর দেন। পরে পুলিশ ওই বাড়িতে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে। গণহারে এ হত্যা ঘটনাটি স্থানীয়দের মধ্যে আতঙ্কের জন্ম দিয়েছে। কর্তৃপক্ষ স্থানীয়দেরকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। একইদিনে তাকাচিহো নদী থেকে একটি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, পার্শ্ববর্তী ব্রিজ থেকে তিনি পড়ে গিয়েছেন অথবা ঝাঁপ দিয়েছেন।