
আন্তর্জাতিক ডেস্কঃ মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ নৃশংসতা হিরোসিমা ও নাগাসাকির হত্যালীলা ৷শেষ মুহূর্তে রাশিয়া তার পরিকল্পনা না বদলালে হয়তো আরও একটি পরমাণু বোমার ধ্বংসলীলার সাক্ষী থাকত বিশ্ববাসী৷ রুশ সরকারের অত্যন্ত গোপন একটি চিঠি প্রকাশ্যে আসার পর রীতিমতো ঝড় তুলেছে৷ ওই চিঠি থেকে পাওয়া তথ্য অনুযায়ী,১৯৫৪ সালে নাকি লন্ডনে পরমাণু বোমা ফেলার ছক কষেছিল রাশিয়া ৷ কখন এবং শহরের কোনও প্রান্তে বোমা নিক্ষেপ করা হবে,তাও ঠিক হয়ে গিয়েছিল৷তবে শেষ মুহূর্তে সেই পরিকল্পনা বাতিল করা হয়।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ঠাণ্ডাযুদ্ধের সময় লেখা এই গোপন চিঠিটি সম্প্রতি ফাঁস করেছে ন্যাশনাল আর্কাইভ৷ ১৯৫৪ সালে চিঠিটি লিখেছিলেন পরমাণু বোমা বিশেষজ্ঞ উইলিয়াম পেনি ৷ওই চিঠিতে অ্যাটমিক এনার্জি অথরিটির চেয়ারম্যান এডুইন প্লওডেনকে তিনি জানিয়েছিলেন,দক্ষিণ লন্ডনের ক্রয়ডন,পশ্চিম লন্ডনের উক্সব্রিজ ও পূর্ব লন্ডনের রমফোর্ডে পরমাণু বোমা নিক্ষেপ করা হতে পারে ৷ সংবাদপত্র প্রকাশিত খবর অনুযায়ী,লন্ডনে ৩২টির মধ্যে ৪ থেকে ৫ টি পরমাণু বোমা ফেলার পরিকল্পনা ছিল রাশিয়ার।