
আন্তর্জাতিক ডেস্কঃ মিসর ও জর্ডানের পাশাপাশি পারস্য উপসাগরীয় আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আজ সোমবার শাদের প্রেসিডেন্ট ইদ্রিস দেবির সঙ্গে বৈঠকের পর এমন ইঙ্গিত দিয়েছেন তিনি। বর্তমানে মিসর ও জর্ডান-এ দুটি আরব দেশের সঙ্গেই কেবল ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক রয়েছে। তবে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক ক্ষমতাশক্তির দেশ ইরানের বিরুদ্ধে মিত্র জোট গড়ে তুলতে অন্য সম্প্রতি অন্য আরব দেশগুলোর প্রতি ইসরায়েলকে মনোনিবেশ করতে দেখা গেছে। গত কয়েক সপ্তাহে কয়েকটি উপসাগরীয় দেশ সফর করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার সরকারের মন্ত্রীরা। আজ মধ্য আফ্রিকার দেশ শাদের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পরও নেতানিয়াহুর তরফে আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক উষ্ণ হওয়ার ইঙ্গিত মিলেছে।
গতকাল রবিবার ইসরায়েল সফরে যান শাদের প্রেসিডেন্ট ইদ্রিস দেবি। দেশটির কোনও নেতার সরকারিভাবে এটিই প্রথমবারের ইসরায়েল সফর। ১৯৭২ সালে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে শাদ। আজ সোমবার ইদ্রিসের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহু বলেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নিয়ে আরব বিশ্বে যে বড় ধরনের পরিবর্তনগুলো আসছে তা নিয়ে আমরা আলোচনা করেছি। শিগগিরই আরব দেশগুলোতে আরও সফর করবেন বলে জানান নেতানিয়াহু। ঠিক কোন দেশ সফরে যাবেন তা জানাননি নেতানিয়াহু। বাহরাইনের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক গড়ে তোলার ব্যাপারে আলোচনা চলছে। আফ্রিকা মহাদেশের ৫৪টি দেশের মধ্যে ৩২টি দেশের সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক রয়েছে। ফিলিস্তিনি ভূখন্ড দখল করে নেওয়ায় একসময় ইসরায়েলের সঙ্গে উষ্ণ সম্পর্ক থাকা কয়েকটি দেশও ১৯৬৭ সালের পর দেশটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। আজ সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর শাদের প্রেসিডেন্ট বলেন, তার সফর দুই দেশের জন্যই ঐতিহাসিক। এ সফর দুই দেশের সম্পর্কে নতুন অধ্যায়ের সুচনা করতে পারে বলেও আশা প্রকাশ করেন তিনি। তবে ইদ্রিস এ কথা বলেছেন যে, সম্পর্কের নবায়ন হলেও ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের বিষয়কে উপেক্ষা করা যাবে না। এর মধ্য দিয়ে ফিলিস্তিন ইস্যুকে অদৃশ্যমান করে দেওয়া যাবে না। ইসরায়েল ও শাদের মধ্যে অনানুষ্ঠানিক যোগাযোগ হচ্ছে বলেও জানান ইদ্রিস।