
আন্তর্জাতিক ডেস্কঃ শ্রীলঙ্কার বরখাস্ত প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে স্বপদে পুনর্বহালে গতকাল রবিবার অসম্মতি জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। তার ভাষ্য, বিক্রমাসিংহে যদি সংসদে তার পক্ষে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতেও পারেন, তাহলেও তাকে প্রধানমন্ত্রী পদে আনা হবে না। শ্রীলঙ্কার সংবিধান অনুযায়ী সিরিসেনা এমন কাউকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিতে পারবেন যার সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্যের সমর্থন আছে। এটা স্পষ্ট নয় যে ঠিক কোন ক্ষমতা বলে তিনি বিক্রমাসিংহেকে বরখাস্ত করে রেখেছেন।
সিরিসেনা বলেছেন, আমি জীবনেও বিক্রমাসিংহেকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দেবো না। আমি তাদের বলেছি, যদি তারা সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতেও পারে তাহলেও যেন তারা প্রধানমন্ত্রী হিসেবে বিক্রমাসিংহের নাম প্রস্তাব না করে। কারণ আমি তাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দেবো না। সিরিসেনার দাবি, দুর্নীতি বৃদ্ধি পাওয়া ও নীতি প্রণয়নগত বিষয়ের বিরোধের জেরে তিনি বিক্রমাসিংহেকে বরখাস্ত করে চীনপন্থী মাহিন্দ্র রাজাপাকসেকে নিয়োগ দিয়েছেন। রনিল বিক্রমাসিংহের আমলে হওয়া দুর্নীতির বিষয়ে তদন্ত করতে তিনি একটি কমিশন গঠন করবেন বলেও জানিয়েছেন। সিরিসেনার আরও বলেছেন, তিনি যে বিক্রমাসিংহের দল থেকে যে কাউকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দিতে রাজি। তবে বিক্রমাসিংহে ও সাবকে সেনাপ্রধান সারাথ ফনসেকাকে তিনি গ্রহণ করবেন না। বিক্রমাসিংহের সরকারে ফনসেকা মন্ত্রী ছিলেন। সিরিসেনার এই দাবির প্রতি কোনও সাড়া পাওয়া যায়নি বিক্রমাসিংহের দলের পক্ষ থেকে। কিন্তু এমন অচলবস্থা কাটবে কি করে? সিরিসেনা বলেছিলেন, তিনি নতুন নির্বাচন দেবেন। কিন্তু নভেম্বর মাসের শুরুতে সুপ্রিম কোর্ট সেই আদেশের বিরুদ্ধে স্থগিতাদেশ দেয়। আগামী ডিসেম্বরে চূড়ান্ত রায় দেওয়া হবে। তখনও যদি সিরিসেনার নির্বাচন ঘোষণার আদেশ বাতিল হয়ে যায় তাহলে শ্রীলঙ্কার রাজনৈতিক সংকটের সমাধান অনিশ্চিত হয়ে উঠবে।