
আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের জের ধরে সৌদি আরবের ওপর নিষেধাজ্ঞা জারি করা হতে পারে বলে জানিয়েছে ফ্রান্স। আজ মঙ্গলবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী জিন ইয়েস লো দ্রিয়ান বলেন, আমরা যা জানি তার ওপর ভিত্তি করে খুব দ্রুতই নিষেধাজ্ঞা জারি করবো।
ইতোমধ্যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ এনে ১৭ জনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। জার্মানিও জানিয়েছে ভ্রমণ নিষেধাজ্ঞর কথা। এবার ফ্রান্সের পক্ষ থেকেও একইরকম ঘোষণা আসলো। পররাষ্ট্রমন্ত্রী বলেন, খাশোগি হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে বের করতেই হবে। তিনি জানান,, ফ্রান্স ও জার্মানি এই বিষয়ে সহযোগিতা করছে। কাতার, কানাডা, ইয়েমেন যুদ্ধ এবং সংবাদকর্মীদের ওপর দমনাভিযান নিয়ে সৌদি নীতির কড়া সমালোচক ছিলেন জামাল খাশোগগি। ওসামা বিন লাদেনের সঙ্গে ভ্রমণ এবং সাক্ষাৎকার নেওয়ার জন্য পরিচিত ছিলেন তিনি। আফগানিস্তানে সোভিয়েতবিরোধী লড়াই নিয়ে লেখালেখি করতে তিনি ১৯৮৭ থেকে ১৯৯৫ সালের মধ্যে বিন লাদেনের সঙ্গে সাক্ষাৎ করেন। ১৯৯০ দশকের প্রথম দিকে তিনি বিন লাদেনের সঙ্গে সৌদি রাজপরিবারের বিরোধ মিটিয়ে ফেলার চেষ্টা করেন। লাদেনকে সুদান থেকে কার্যক্রম গুটিয়ে নিজ দেশে ফেরার অনুরোধ জানালেও আল কায়েদা নেতা তা প্রত্যাখ্যান করেন।