News71.com
 International
 20 Nov 18, 04:44 AM
 215           
 0
 20 Nov 18, 04:44 AM

যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমাতে ইউরোপীয় বাহিনী গঠনের প্রস্তাব দিলেন ফরাসি প্রেসিডেন্ট॥

যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমাতে ইউরোপীয় বাহিনী গঠনের প্রস্তাব দিলেন ফরাসি প্রেসিডেন্ট॥

আন্তর্জাতিক ডেস্কঃ ট্রাম্পের আপত্তি সত্ত্বেও যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমাতে আবারও ইউরোপীয় বাহিনী গঠনের প্রস্তাব দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। গতকাল রবিবার,যুদ্ধে হতাহতদের স্মরণে জার্মানির বার্ষিক শোক দিবসের অনুষ্ঠানে অংশ নিয়ে ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন,বৈশ্বিক নৈরাজ্য ও সহিংসতা মোকাবিলায় ইউরোপীয় ইউনিয়নের ঐক্যবদ্ধ হওয়া উচিৎ। একইদিন,জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে অভিবাসন সমস্যা,ইউরো কারেন্সি,প্রতিরক্ষা ও নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন ম্যাক্রোঁ। জার্মানির জাতীয় শোক দিবসে অংশ নিয়ে গতকাল রবিবার বার্লিনের স্মৃতিসৌধে যুদ্ধে হতাহতদের প্রতি সম্মান জানান জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এ সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধে হতাহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন তারা। পরে ইউরোপের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে দ্বিপাক্ষীক বৈঠক করেন ইমানুয়েল ম্যাক্রোঁ। বৈঠকের পর সংবাদ সম্মেলনে ব্রিফ করেন তারা। অ্যাঙ্গেলা মার্কেল,জার্মান চ্যান্সেলর বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের অনেক প্রত্যক্ষদর্শীরা এখন আর আমাদের সঙ্গে নেই বললেই চলে। তবে আমরা যারা যুদ্ধের পর জন্মগ্রহণ করেছি আমাদের এ বিষয়ে সচেতন হওয়া উচিৎ। এ থেকে শিক্ষা নেয়া উচিৎ। ইউরোপের সমস্যা সম্ভাবনাসহ বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করেছি।

ইউরোপীয় নির্বাচনের আর মাত্র ছয় মাস আছে। নির্বাচনকে কেন্দ্র করে এ বিষয়েও আমাদের মধ্যে কথা হয়েছে। ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন,আজ জার্মানির জাতীয় শোক দিবসে আসতে পেরে আমি সম্মানিত বোধ করছি। এর আগে,প্রথম বিশ্বযুদ্ধ সমাপ্তির শততম বার্ষিকীর অনুষ্ঠানেও আমরা এক হয়েছিলাম। ফ্রান্স জার্মানির সম্পর্কোন্নয়নের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের কল্যাণে আমাদের সবসময় এক থাকা অত্যন্ত জরুরী বলে মনে করি আমি। একইদিন অ্যাঙ্গেলা মার্কেলের আমন্ত্রণে জার্মানির পার্লামেন্টে বক্তব্য দেন ইমানুয়েল ম্যাক্রোঁ। ইউরোপকে শক্তিশালী করতে প্রচলিত সব বিধি নিষেধ ভেঙে ফেলা উচিৎ বলে মন্তব্য করেন ইমানুয়েল ম্যাক্রোঁ। বিশ্বের শক্তিধর দেশগুলোর কাছে ইইউ যেন কখনো খেলনার বস্তু না হয় সেদিকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। ট্রাম্পের আপত্তি সত্ত্বেও নিজেদের নিরাপত্তায় আবারও ইউরোপীয় বাহিনী গঠনেরও আহ্বান জানিয়ে এ বিষয়ে জার্মানির সমর্থন চান ইমানুয়েল ম্যাক্রোঁ। ইমানুয়েল ম্যাক্রোঁ আরো বলেন,সার্বভৌমত্ব রক্ষায় আমাদেরকে নতুন করে চিন্তা ভাবনা করতে হবে। এ জন্য ফ্রান্স জার্মানি সম্পর্ককে আরো দৃঢ় করতে হবে। নতুন এই সম্পর্কের মাধ্যমে বৈদেশিক নীতি,অভিবাসন, উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আমরা একসঙ্গে সিদ্ধান্ত নিতে পারব। এর আগে,চলতি মাসের শুরুতে ইউরোপের নিরাপত্তায় ন্যাটোর বাইরে গিয়ে নিজস্ব নিরাপত্তা বাহিনী গঠনের প্রস্তাব দেন ফরাসি প্রেসিডেন্ট। আর তার ওই প্রস্তাবের তীব্র আপত্তি জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন