
আন্তর্জাতিক ডেস্কঃ ইরাকের তিকরিত শহরে একটি গাড়িবোমা হামলায় অন্তত ৯ জন নিহত ও ১১ জন আহত হয়েছে। ইরাকের তিকরিত পুলিশ কর্মকর্তারা জানান, গতকাল রবিবার শহরটিতে ওই বোমা হামলায় বেশকিছু গাড়িতে আগুন ধরে যায়। তবে তাৎক্ষণিকভাবে কোনও গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। ইরাকের রাজধানী বাগদাদ থেকে প্রায় ১০০ মাইল উত্তরের তিকরিত শহরের অবস্থান। সামরিকভাবে পরাজিত হওয়ার পর থেকে জঙ্গি গোষ্ঠী আইএস দেশটির বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণ ঘটানোর পাশাপাশি নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। বিশ্লেষক ও নিরাপত্তা সূত্রগুলো সতর্ক করে দিয়ে বলেছে, দেশটির পশ্চিম ও উত্তরাঞ্চলের সুন্নি অধ্যুষিত এলাকাগুলোতে এ ধরনের হামলা বাড়ছে। তবে রাজধানী বাগদাদের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয়েছে।