
আন্তর্জাতিক ডেস্কঃ মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহর শপথ অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের সঙ্গে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। গতকাল শনিবার এই শপথ অনুষ্ঠান শেষ হবার পর প্রেসিডেন্ট সোলিহর সঙ্গে একান্তে সাক্ষাত করেন মোদি। মালদ্বীপের আগের সরকার আবদুল্লাহ ইয়ামিনের সময়ে চীনের সঙ্গে মালদ্বীপের সম্পর্ক ঘনিষ্ঠ হয়ে ওঠায় ভারতের সঙ্গে সম্পর্কে ঘাটতি তৈরি হয় দেশটির। তবে মালদ্বীপের নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিনের পরাজয়ের পর গতকাল শনিবারের শপথ অনুষ্ঠানে মোদির উপস্থিতি সেই পরিস্থিতি অবসানের ইঙ্গিত দিচ্ছে।
চীনের কাছ নেওয়া বিপুল ঋণ পরিশোধে এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও ভারতের সহায়তা চেয়েছেন সোলিহ। সোলিহ প্রেসিডেন্ট নির্বাচিত হয়েই বলেছেন,আমাদের নিকটতম প্রতিবেশি হিসেবে ভারতের সঙ্গে জোরালো সম্পর্ক প্রয়োজন। উল্লেখ্য,গত সাত বছরের মধ্যে মালদ্বীপে এটাই কোনো ভারতীয় রাষ্ট্রপ্রধানের সফর। মোদির এই সফরকে চীনের প্রভাব থেকে মালদ্বীপের বেরিয়ে আসার ইঙ্গিত বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এর আগে ২০১১ সালে মালদ্বীপ গিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং।