
আন্তর্জাতিক ডেস্কঃ ক্রমবর্ধমান হামলার প্রতিক্রিয়ায় তালেবানদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে আফগানিস্তানের নিরাপত্তা বাহিনী। গতকাল শনিবার রাতে নানগারহার প্রদেশে পাকিস্তান সীমান্তের কাছে তালেবানদের ওপর কয়েকটি হামলা চালানো হয়। এতে কমপক্ষে ৩০ তালেবান জঙ্গি নিহত হয়েছে বলে দেশটির কর্মকর্তারা নিশ্চিত করেছে। নানগারহার প্রদেশের গভর্নরের মুখপাত্র আত্তাউল্লাহ খোগিয়ানি বলেন, খোগিয়ানি জেলায় গতকাল শনিবার রাতে বিশেষ বাহিনী তালেবানদের কয়েকটি শক্তিশালী ঘাঁটিতে অভিযান চালায়। আফগানিস্তানের বিভিন্ন এলাকায় দ্রুত হামলায় জড়িত থাকা জঙ্গিরা এসব ঘাঁটিতে অবস্থান করছিল। খোগিয়ানি বলেন, এসব অভিযানে ৩০ তালেবান সদস্য নিহত হয়েছে। ৫টি গোপন আস্তানা ধ্বংস করার পাশাপাশি বড় ধরনের অস্ত্র ও গোলা বারুদের মজুত জব্দ করা হয়েছে। তবে অভিযানে নিরাপত্তা বাহিনীর কেউ হতাহত হয়নি বলে দাবি করেছেন তিনি।