
আন্তর্জাতিক ডেস্কঃ ১ বছর আগে ৪৪ জন ক্রু-সহ নিখোঁজ আর্জেন্টিনার ডুবোজাহাজের ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে দেশটির নৌবাহিনী। আজ শনিবার দেশটির নৌবাহিনী জানায়, আটলান্টিক মহাসাগরের প্রায় ৮শ' মিটার গভীরে এর সন্ধান পাওয়া গেছে। ২০১৭ সালের ১৫ই নভেম্বর এ.আর.এ সান জোয়ান নামের ডুবোজাহাজটি আর্জেন্টিনা উপকূল থেকে ৪শ'৩০ কিলোমিটার দূরে হারিয়ে যায়। নিখোঁজের দু'সপ্তাহ পর অনুসন্ধান অভিযান সমাপ্ত ঘোষণা করে উদ্ধারকারী দল। এক বছর একদিন পর কর্তৃপক্ষ জানায়, মার্কিন সামরিক বাহিনীর সহায়তায় ধ্বংসাবশেষের সন্ধান মিলেছে।
গত সপ্তাহে নিখোঁজদের স্মরণ সভায় প্রেসিডেন্ট মাওরিসো মার্সি ডুবোজাহাজটি খুঁজে বের করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। গেল বছর ডুবে যাওয়ার আগে দক্ষিণ আমেরিকার উশুয়াইয়া থেকে নিয়মিত মিশন শেষে ফিরছিল এটি। পথিমধ্যে ব্যাটারি থেকে সৃষ্ট বৈদ্যুতিক গোলোযোগের শিকার হয়ে নিখোঁজ হয় জাহাজটি।