
আন্তর্জাতিক ডেস্কঃ সপ্তাহ পেরোতে না পেরোতেই আবারও বড় ধরনের সড়ক দুর্ঘটনা ঘটেছে আফ্রিকান দেশ জিম্বাবুয়েতে। দেশটিতে এবার একটি যাত্রীবাহী বাসের গ্যাস ট্যাংক বিস্ফোরণ হয়ে আগুন লেগে অন্তত ৪২ জন মারা গেছেন। আজ শুত্রুবার সকালে দেশের রাজধানী হারারের ৫৫০ কিলোমিটার দক্ষিণের জেলা গাউন্দাতে এ ভয়াবহ ঘটনা ঘটে। এসময় আগুনে পুরো গাড়ি পুড়ে যায় বলে স্থানীয় পুলিশ সংবাদমাধ্যমকে জানায়।
পুলিশের মুখপাত্র চারিথি চারাম্বা বলছেন, ঘটনার পর পরই আমরা জানতে পেরেছি ৪২ জনেরও বেশি যাত্রী ঘটনাস্থলেই মারা গেছেন। এছাড়া আহত হয়েছেন আরও ২০ জন। পরে আমাদের পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। জানা গেছে, আগুনে দগ্ধ হয়ে সবাই মারা গেছেন। এছাড়া যারা আহত হয়েছেন, তারাও দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন আছেন। এর আগে ৭ নভেম্বর জিম্বাবুয়ের দক্ষিণ-পূর্বাঞ্চলের রুসাপে শহরের কাছে দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৪৭ জন নিহত হন।