
আন্তর্জাতিক ডেস্কঃ ইয়াঙ্গুন উপকূলে একটি নৌকা থেকে শতাধিক রোহিঙ্গা আরোহীকে গ্রেফতার করেছে মিয়ানমারের অভিবাসন কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে, সাগরপথে ঝুঁকি নিয়ে ভীনদেশে পাড়ি দেওয়ার চেষ্টা করছিলো রোহিঙ্গারা। এ ব্যাপারে তদন্ত করছে মিয়ানমার পুলিশ। আজ শুক্রবার সকালে মিয়ানমারের ইয়াঙ্গুন শহরের প্রায় ৩০ কিলোমিটার দক্ষিণের এলাকায় একটি নৌকা আটকে দেয় দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। নৌকাটিতে ১০৬ জন আরোহী ছিল। কিয়াউকতান এলাকার অভিবাসন কর্মকর্তা কিয়াউ হটে জানান, সম্ভবত তারা রাখাইন থেকে এসেছে। রোহিঙ্গাদেরকে বরাবরের মতোই বাঙালি সম্বোধন করে তিনি বলেন, সম্ভবত তারা রাখাইনের বাঙালি। পার্লামেন্টের নিম্নকক্ষে মিয়ানমারের ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির সদস্য আয়ে মিয়া মিয়া মিও ফেসবুকে একটি নৌকার ছবি দিয়েছেন। সেখানে নারী, পুরুষ ও শিশুদের দেখা যাচ্ছে। মিয়া মিও জানান, নৌকায় ৫০ জন পুরুষ, ৩১ জন নারী ও ২৫ জন শিশু রয়েছে।