
আন্তর্জাতিক ডেস্কঃ অনলাইন সামাজিক মাধ্যমে সরকার বিরোধী আন্দোলন ঠেকানোর জন্য ইন্টারনেট ফার্মের দ্বারস্থ হচ্ছেন চীন। আজ বৃহস্পতিবার এমনটি জানিয়েছে দ্যা সাইবারস্পেস অ্যাডমিনিস্ট্রেশন অফ চায়না নামের একটি সাইবার পর্যবেক্ষণ সংস্থা। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, তাদের নতুন নীতি অনুযায়ী নভেম্বরের ৩০ তারিখের মধ্যে চীনে কেউ সরকারের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলছে কিনা এবং অধিকাংশ জনমত পরিবর্তনে কেউ অনলাইনে নেতৃত্ব দিচ্ছে কিনা সে ব্যাপারে তারা একটি মূল্যায়ণ জানতে চায়। এই মূল্যায়ণে সন্দেহপ্রবণ সাইট এবং কোম্পানিগুলোর প্রকৃত নাম, ব্যবহারকারী নাম, নেটওয়ার্ক এড্রেস, ব্যবহারের সময়, চ্যাট, কল এবং কোন ধরণের ডিভাইস ব্যবহার করছে এ সমস্ত কিছুর তথ্য থাকতে হবে।
তবে সন্দেহভাজন ওয়েবসাইটের কথা বললেও নির্দিষ্ট করে কারো নাম বলেনি দ্যা সাইবারস্পেস অ্যাডমিনিস্ট্রেশন অফ চায়না। তারা বলছে, সন্দেহভাজন তালিকায় তারা ব্লগ, জনগণের সামাজিক যোগাযোগ মাধ্যমের একাউন্ট, ভিডিও সাইট এবং সংবাদমাধ্যমকে রেখেছে। প্রসঙ্গত, চীনের কমিউনিস্ট পার্টি তাদের বিরুদ্ধে যাতে কোন ধরণের উস্কানিমূলক বক্তব্য না ছড়াতে পারে সেই জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমসহ পুরো অনলাইনকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করার আদেশ দিয়েছে দেশটির প্রেসিডেন্ট শি জিন পিং।