
আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী মেলানিয়ার চাপে বুধবার হোয়াইট হাউজ থেকে বরখাস্ত করা হল জাতীয় উপ-নিরাপত্তা উপদেষ্টা মিরা রিকারডেলকে। মিরা রিকারডেলকেকে বরখাস্ত করার বিষয়ে হোয়াইট হাউজের মুখপাত্র সারাহ স্যান্ডার্স বলেন, মিরা রিকারডেল প্রেসিডেন্টকে সাহায্য করার কাজে নিয়োজিত থাকবে তবে হোয়াইট হাউজ থেকে তাকে প্রশাসনের নতুন একটি দায়িত্বে প্রেরণ করা হয়েছে।
মিরা রিকারডেলের সঙ্গে গত মাসে আফ্রিকা সফরের সময় দ্বন্দ্বে জড়িয়ে পড়েন মেলানিয়া। জানা যায়, আফ্রিকা সফরে বিমানের আসন ব্যবস্থা নিয়ে দ্বন্দ্ব হয় মেলানিয়া এবং রিকারডেলের। তবে কারো ব্যক্তিগত আক্রোশের জন্য নিরাপত্তা উপদেষ্টা পদের কোন কর্মকর্তাকে বরখাস্ত হওয়াটা খুবই অস্বাভাবিক একটি ব্যাপার।গতকাল বুধবার মেলানিয়া ট্রাম্পের মুখপাত্র স্টেফাইন গ্রিশাম বলেন, ফার্স্ট লেডির অফিসের পক্ষ থেকে বলা হচ্ছে যে হোয়াইট হাউজকে সেবা করার সম্মানীয় যোগ্যতা তার (মিরা রিকারডেল ) আর নেই। এদিকে ডোনাল্ড ট্রাম্পের এই শীর্ষ কর্মকর্তার জায়গায় নতুন কে আসছে সেই বিষয় এখনো কিছু বলেনি ট্রাম্প প্রশাসন।