
আন্তর্জাতিক ডেস্কঃ গাজা উপত্যকায় মিশরের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ফিলিস্তিনের হামাস নেতৃত্বাধীন দলগুলো। গতকাল মঙ্গলবার তারা সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ইসরায়েলের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করে কিছু বলা হয়নি। তবে দেশটির গণমাধ্যমগুলোর এক কর্মকর্তার বরাত দিয়ে বলা হচ্ছে যে ফিলিস্তিনি দলগুলো চারজন আলাদা মধ্যস্থতাকারীর মাধ্যমে যুদ্ধবিরতির চেষ্টা করেছিল। গাজায় ইসরায়েলি সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধরত দলগুলো একটি বিবৃতিতে জানায়,ইহুদি দখলদার এবং তাদের প্রতিরোধকারীদের মধ্যে যুদ্ধবিরতিতে পৌঁছাতে সফল হয়েছে মিশর। যতক্ষণ ইহুদিরা এই ঘোষণা মেনে চলবে,ততক্ষণ তাদের প্রতিরোধকারীরা এটা মেনে চলবে। এর আগে হামাসের সিনিয়র কর্মকর্তা ইসমাইল হানিয়া এক বিবৃতিতে বলেন,যদি ইসরায়েল গাজা উপত্যকায় তাদের আগ্রাসন চালানো বন্ধ করে,তবে ফিলিস্তিনি দলগুলো যুদ্ধবিরতি চুক্তিতে ফেরার জন্য প্রস্তুত আছে।